অ্যাপোলোর বিরুদ্ধে রংপুরের মেয়রের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ঢাকার অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ। রংপুরের যুগ্ম জেলা জজ আদালত-১-এ গতকাল বৃহস্পতিবার এই মামলা করা হয়।
মামলায় অ্যাপোলো হাসপাতালের অর্থোপেডিক কনসালট্যান্ট নন্দ কুমার, মহাব্যবস্থাপক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক মো. শরিফুল ইসলাম অভিযোগটি গ্রহণ করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১ অক্টোবর অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিশ পাঠান মেয়র।
মামলার আরজিতে বলা হয়েছে, গত ২৮ জুলাই রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিরাজগঞ্জের বেসরকারি অভিসিনা হাসপাতালে নেওয়া হয়। পরদিন ২৯ জুলাই তাঁকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়। সেখানে নন্দ কুমারের তত্ত্বাবধানে ১৯ দিন চিকিৎসা নেন তিনি। এ জন্য তাঁর কাছ থেকে ১৪ লাখ ৫৪ হাজার টাকা বিল নেওয়া হয়। সংশ্লিষ্ট চিকিৎসক তাঁকে এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়ে বাসায় পাঠিয়ে দেন।
কিছুদিন রাজধানীতে থাকার পর ২৯ আগস্ট তিনি রংপুরে আসেন। ডান হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তিনি আরও দুবার পরীক্ষা-নিরীক্ষার জন্য অ্যাপোলো হাসপাতালে যান। এ সময় চিকিৎসক নন্দ কুমার তাঁর কোনো সমস্যা নেই বলে জানান। ডান হাতের ব্যথা বাড়লে ২৩ সেপ্টেম্বর তিনি রংপুরের গুড হেলথ হাসপাতালে পরীক্ষা করান। হাসপাতালের চিকিৎসক ও রংপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম এক্স-রে পরীক্ষা করে ডান হাত এখনো ভাঙা রয়েছে বলে জানান। পরে তিনি ২৭ সেপ্টেম্বর মেয়রের ডান হাতের অস্ত্রোপচার করেন।
এ ব্যাপারে জানতে চাইলে চিকিৎসক নন্দ কুমার বলেন, ‘এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’