অ্যাপ্রোচ সড়কে খানাখন্দ, যান চলাচল বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কগুলোতে পানি জমে থাকায় খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে থাকছে। প্রায়ই গর্তে পড়ে যানবাহন বিকল হয়ে যাচ্ছে। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে। পাশাপাশি দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, দৌলতদিয়ার তিনটি ফেরিঘাটে গড়ে ২০০ থেকে ২৫০ মিটার দীর্ঘ অ্যাপ্রোচ সড়ক (প্রধান সড়ক থেকে ফেরিঘাটে পেঁৗছানোর সড়ক) রয়েছে। গত এক মাসে কমপক্ষে ১০ বার ওই সড়কগুলোতে জরুরি সংস্কারকাজ করা হয়েছে। কিন্তু পানি বের হওয়ার ব্যবস্থা না থাকায় জলাবদ্ধ হয়ে সড়কগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
সরেজমিনে জানা গেছে, সামান্য বৃষ্টিতেই অ্যাপ্রোচ সড়কগুলোতে সৃষ্টি হওয়া খানাখান্দ ও বড় বড় গর্তে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। আর মাঝেমধ্যেই গর্তের মধ্যে চাকা আটকে পড়ে যানবাহন বিকল হচ্ছে। সড়কে পানি জমে থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী, যানবাহনের যাত্রী এবং স্থানীয় বাসিন্দারা।
গতকাল শনিবার মানিকগঞ্জের ঝিটকা থেকে দৌলতদিয়ার বেপারীপাড়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি। ২ নম্বর ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়ক দিয়ে হাঁটছিলেন তিনি। এ সময় একটি গাড়ির চাকা গর্তে পড়লে কাদাপানির ছিটকায় তাঁর জামাকাপড় পুরো নষ্ট হয়ে যায়।
প্রায়ই পথচারীদের আনোয়ার হোসেনের মতো পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলে সড়কের পাশের হোটেলসহ বিভিন্ন দোকানের ব্যবসায়ীরা জানান। তাঁরা বলেন, মাঝেমধ্যে সড়কের ওপর কিছু ইটের খোয়া ফেলে মেরামত করতে দেখেন তাঁরা। কিন্তু দুই দিন পরই সড়ক আগের অবস্থায় ফিরে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ফেরিঘাটের প্রত্যেকটি অ্যাপ্রোচ সড়কের অবস্থা বেহাল। ঈদের আগে এই অ্যাপ্রোচ সড়ক ভালোভাবে সংস্কার করা না হলে এই রুট দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের ব্যাপক দুর্ভোগের শিকার হতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, সওজ মাঝেমধ্যে কী কাজ করে তারাই ভালো জানে। নিম্নমানের কিছু ইটের সুরকি কোনোরকমে ফেলে চলে যায়। ফলে যা হবার তাই হয়।
রাজবাড়ী সওজের গোয়ালন্দের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী কামরুজ্জামান দাবি করেন, ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কগুলোতে গত এক মাসে অন্তত ১০ বার জরুরি সংস্কারকাজ করা হয়েছে। কিন্তু বৃষ্টির পানি জমে থাকায় সড়কগুলো বারবার বেহাল হয়ে পড়ছে। তা ছাড়া পুরো জেলায় মাত্র একটি বিটুমিনের ট্রাক রয়েছে। ওই একটি ট্রাক দিয়েই পর্যায়ক্রমে কাজ করতে হয়।
কামরুজ্জামান বলেন, সড়কের দুই পাশে দোকানপাট থাকায় পানি ঠিকমতো বের হতে পারে না। এ ছাড়া কয়েক দিন আগে ৩ নম্বর ফেরিঘাট এলাকায় পানি বের করার জন্য নালা নির্মাণ করতে গেলে দোকািনরা বাধা দেন। ফলে তা করা সম্ভব হয়নি।