অ্যাফিডেভিট করে বয়স বাড়িয়ে বাল্যবিবাহের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অ্যাফিডেভিট করে মেয়ের বয়স বাড়িয়ে গত শুক্রবার বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করেও পার পেলেন না বর ও কনে পক্ষের অভিভাবকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কনের বাবা ও বরের চাচাকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা, উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ে ঠিক করেন তার বাবা। বরের বয়স ঠিক থাকলেও কনের বয়স কম থাকায় উভয় পক্ষ কৌশলে অ্যাফিডেভিট করে মেয়ের বয়স বাড়ায়। পরে শুক্রবার রাতে তারা ঢাকঢোল পিটিয়ে বিয়ের আয়োজন করে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান ও পুলিশকে জানান। পরে পুলিশ নিয়ে প্রশাসন শুক্রবার রাতে কনের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসরে মুকুট ফেলে পালিয়ে যান বর। এ সময় কনের বাবা ও বরের চাচাকে আটক করে পুলিশ। রাতেই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তরফদার মাহমুদুর রহমান ওই দুজনকে সাত দিন করে কারাদণ্ড দেন।
পার্বতীপুর মডেল থানার এসআই হামিদ বলেন, বাল্যবিবাহের খবর পেয়ে শুক্রবার রােত বিয়েবাড়িতে গেলে বর মুকুট ফেলে পালিয়ে যান ও কনে গা ঢাকা দেয়। এ সময় কনের বাবা ও বরের চাচাকে আটক করা হয়। পরে আদালত তাঁদের ওই সাজা দেন। গতকাল শনিবার দুপুরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।