অ্যামনেস্টি কারও রাজনৈতিক সম্পৃক্ততা বিবেচনা করে না
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সংস্থাটি মৃত্যুদণ্ড রদ করা ও মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কাজ করে থাকে। সে ক্ষেত্রে কারও রাজনৈতিক সম্পৃক্ততা দেখা হয় না। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ওই সংস্থাটি।
এ প্রসঙ্গে সংস্থাটির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয়েছে, বাংলাদেশের গণমাধ্যমে প্রধানমন্ত্রী সংস্থাটির বিষয়ে রাজনৈতিক পক্ষপাতিত্বের যে অভিযোগ তুলেছেন, তা সঠিক নয়। অ্যামনেস্টি দ্ব্যর্থহীনভাবে সংস্থাটির বিরুদ্ধে এসব অভিযোগ প্রত্যাখ্যান করছে।
মানবতাবিরোধীদের বিচার-প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে গত ২৭ অক্টোবর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দেওয়ার পর ব্যাপক প্রতিক্রিয়া হয়। বিবৃতিটি প্রত্যাহার করতে সংস্থাটির প্রতি আহ্বান জানায় সরকার। বিবৃতিতে অ্যামনেস্টি দাবি করেছিল, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার-প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হয়নি৷ তাঁদের আপিল নিষ্পত্তি করা হয়েছে দ্রুততার সঙ্গে৷ রিভিউ আবেদনের প্রক্রিয়াও দ্রুত করা হচ্ছে।
বিবৃতির পর সরকার ছাড়াও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠন অ্যামনেস্টির বিবৃতি প্রত্যাহারের দাবি জানায়। সংস্থাটির বক্তব্যের বিষয়ে ৮ নভেম্বর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংস্থাটির নাম উল্লেখ না করে এ ধরনের বক্তব্যকে গর্হিত বলে মন্তব্য করে বলেন, ‘কোথায় কে কী বলল, কার পক্ষে সাফাই গাইল তাতে কিছু যায়-আসে না।’
বৃহস্পতিবার ফের এ বিষয়ে বিবৃতি দেয় মানবাধিকার সংস্থাটি। তাতে সরকারের আহ্বান অনুযায়ী বক্তব্য প্রত্যাহার না করে সংস্থাটি বরং বলেছে, প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য স্পষ্টত সঠিক নয়। সরকারের মানবাধিকার-সংক্রান্ত যেকোনো রেকর্ড খতিয়ে দেখতে গেলে সরকার যে অসহিষ্ণু হয়ে ওঠে এবং এটা যে বাড়ছে, তা এসব বক্তব্যের মধ্যে বেরিয়ে এসেছে।
বিবৃতিতে বলা হয়, অ্যামনেস্টি একটি স্বাধীন সংস্থা, যা ন্যায়বিচারের পক্ষে কাজ করে। এ প্রসঙ্গে আরও বলা হয়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়েও যখন প্রয়োজন হয়েছে, তখন সংস্থাটি রাজনৈতিক সম্পৃক্ততার ঊর্ধ্বে থেকে এসব বিষয়ে নিরপেক্ষভাবে কাজ করেছে।
অ্যামনেস্টি জানায়, সংস্থাটি নিঃশর্তভাবে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে। তার মানে এই নয় অপরাধের বিচার হবে না। সংস্থাটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার পক্ষে, কিন্তু মৃত্যুদণ্ডের বিপক্ষে।
অ্যামনেস্টির সর্বশেষ বিবৃতির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রথম আলোকে বলেন, অ্যামনেস্টি মানবতাবিরোধীদের পক্ষ নিয়ে প্রকৃতপক্ষে মানবতাবিরোধী অপরাধ করেছে। সংস্থাটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত করেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সংস্থাটির কার্যক্রম সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা কোনো রাজনৈতিক দল বা সরকারের নয়—এটা ১৬ কোটি মানুষের বক্তব্য।