অ্যামনেস্টিকে বক্তব্য প্রত্যাহারের দাবি গণজাগরণ মঞ্চের

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামিদের পক্ষে কথা বলে ও মুক্তিযোদ্ধাদের বিচার চেয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রমাণ করেছে, এটি একটি মানবতাবিরোধী ও জঙ্গি সংগঠন বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে ইমরান এইচ সরকার এ কথা বলেন। ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ধৃষ্টতাপূর্ণ ও ন্যক্কারজনক বক্তব্যের প্রতিবাদে’ এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হয়।
সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, যুক্তরাষ্ট্র যখন ইরাক, আফগানিস্তান ও সিরিয়ায় বোমা মেরে নারী-শিশুসহ অসংখ্য মানুষকে হত্যা করছে, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা টুঁ শব্দও করে না। অথচ বাংলাদেশে যখন কোনো যুদ্ধাপরাধীর রায় কার্যকরের সময় আসে, তখন তারা বেশ সক্রিয় হয়ে যায়, সোচ্চার হয়ে ওঠে। এত দিন তারা বলার চেষ্টা করেছে, তারা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, তাই বিচার বন্ধ চায়। কিন্তু যুদ্ধাপরাধী ছাড়াও তো অনেকের মৃত্যুদণ্ড হচ্ছে, তাদের ব্যাপারে অ্যামনেস্টির বক্তব্য কোথায়?
ইমরান এইচ সরকার বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করতে হবে। তা না করলে বিশ্বব্যাপী কর্মসূচি দেওয়া হবে। তাদের ক্ষমা চাইতে বাধ্য করা হবে। আগামী সোমবার ওই বক্তব্যের প্রতিবাদে লন্ডনে সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে যুক্তরাজ্যে থাকা গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা বিক্ষোভ করবেন।
সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীর বিক্রম, ভাস্কর রাশা প্রমুখ বক্তব্য দেন।
এদিকে বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভায় গতকাল অ্যামনেস্টির বিবৃতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, এ ধরনের আবদার বাংলাদেশের আইন ও সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। সংগঠনের সভাপতি হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাফিজ আদনান, সাংগঠনিক সম্পাদক শিশির চক্রবর্তী প্রমুখ।