অ্যামনেস্টিকে বিবৃতি প্রত্যাহার করতে চিঠি
বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের (এআই) বিবৃতি প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ, ৭১। সেক্টর কমান্ডারস ফোরামের অভিযোগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়ে স্বাধীন বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করেছে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুণ হাবীব।
সম্প্রতি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিচার ও আপিল প্রক্রিয়া ছিল সুস্পষ্টভাবে ত্রুটিপূর্ণ।
হারুণ হাবীব বলেন, অ্যামনেস্টি মানবতাবিরোধী অপরাধের বিচারাধীন বিষয়ের উপর বিবৃতি দিয়েছে। এই বিবৃতি প্রত্যাহারে তাঁরা সংস্থাটির কাছে চিঠি দিয়েছেন।
সেক্টর কমান্ডারস ফোরামের সদস্য ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, আন্তর্জাতিক মহল অবশ্যই মানবাধিকার চর্চা করবে, মানবাধিকারের কথা বলবে, এটাই স্বাভাবিক। বিচারের ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা যদি করা হয়, এতে বলার কিছুই নেই। কিন্তু যদি তাদের বক্তব্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বলে মনে হয়, তবে অবশ্যই তার বিরোধিতা করা হবে। এ জন্য সেক্টর কমান্ডারস ফোরাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে এই প্রতিবাদ লিপি পাঠিয়েছে।
তুরিন আফরোজ বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানব বলে মনে করেন শুধুমাত্র গুটি কয়েক যুদ্ধাপরাধীকে। তারা কিন্তু ৩০ লাখ শহীদকে মানুষ বলে মনে করে না। তারা কিন্তু চার থেকে পাঁচ লাখ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা নারীকে মানুষ মনে করে না।’ তিনি বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ধৃষ্টতা সীমা ছাড়িয়ে গেছে। তারা নব্য রাজাকারদের সুরে কথা বলছেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, সাবেক সেনাপ্রধান লে. জে (অব.) এম হারুণ-অর রশীদ, আনোয়ার উল আলম শহীদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান প্রমুখ।