অ্যামনেস্টিকে শক্ত জবাব দেবে সরকার
মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের হেয় করে বক্তব্য দেওয়ায় লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে শক্ত জবাব দেওয়া হবে। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যামনেস্টির প্রতিবেদনটি স্টাডি করে একটি শক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাদের বিবৃতির বেশির ভাগই অগ্রহণযোগ্য। এতে মহান স্বাধীনতা যুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে। দু-এক দিনের মধ্যে এর একটি কড়া প্রতিবাদ তাদের কাছে পাঠানো হবে।
একই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, ‘এটি নিয়ে যা করা তার সবই আমরা করব।’
গতকাল শনিবার প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’ ৭১। এর আগে গত শুক্রবার অ্যামনেস্টির বিবৃতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে গণজাগরণ মঞ্চ। সেখানে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামিদের পক্ষে কথা বলে ও মুক্তিযোদ্ধাদের বিচার চেয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রমাণ করেছে, এটি একটি মানবতাবিরোধী ও জঙ্গি সংগঠন।