অ্যামনেস্টির প্রতিবেদন ইতিবাচক: স্বরাষ্ট্রমন্ত্রী
লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত বুধবার প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, অ্যামনেস্টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও খুনের যে তথ্য দিচ্ছে, তাতে হিসাবের বিভ্রান্তি আছে। তবে এই সংখ্যা আগের বছরগুলোর তুলনায় কম। এসব ঘটনার ওপর সংগঠনটির প্রতিবেদনকে সরকার ইতিবাচকভাবে দেখছে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল প্রথম আলোর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোস্টন ম্যারাথনে বোমা হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের সময় একজনকে সে দেশের তদন্ত সংস্থার লোকজন গুলি করে মেরেছে। এটাকে কী বলা হবে? সব দিক বিবেচনা করে খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হবে যে কোনটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, কোনটি নয়।
প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত: আইন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা জানান, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সরকারকে হেয়প্রতিপন্ন করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তিনি অভিযোগ করেন, কয়েক বছর ধরেই সংগঠনটি বর্তমান সরকারের বিরুদ্ধে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এই তৎপরতার অংশ হিসেবেই ওই মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে তারা। সরকার এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছে। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল বিকেলে কুমিল্লা শহরের কান্দিরপাড়ের টাউন হল মাঠে আয়োজিত এক শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সুপারিশ ছাড়া কিছু করার ক্ষমতা নেই: মিজানুর রহমান
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, বিচারবহির্ভূত হত্যা, গুম ও খুনের ঘটনা খতিয়ে দেখতে সরকারের কাছে সুপারিশ করা ছাড়া কমিশনের আর কোনো ক্ষমতা নেই। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায়ই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখে এমন মন্তব্য করছে—আইনের কোনো লঙ্ঘন হয়নি, যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি, আত্মরক্ষার জন্য গুলি ছুড়তে হয়েছে। তাঁর মতে, সরকার যদি জবাবদিহির জায়গায় ঠিক থাকে, তাহলে বিচারবহির্ভূত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে।