অ্যামনেস্টির প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত: আইন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বর্তমান সরকারকে হেয়প্রতিপন্ন করতেই উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ করেছে। কয়েক বছর ধরে সংগঠনটি সরকারের বিরুদ্ধে অপতত্পরতায় লিপ্ত। তেমনই একটি উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে তারা। সংগঠনটির এ প্রতিবেদন সরকার প্রত্যাখ্যান করছে।

আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরের কান্দিরপাড়ের টাউন হল মাঠে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত বৌদ্ধদের এক শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম এ সব কথা বলেন।

আইন প্রতিমন্ত্রী বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরকারকে হেয় করার পাশাপাশি দেশে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি প্রশ্ন রেখে বলেন, সংগঠনটি রামুর নৃশংসতার কথা উল্লেখ করেছে, কিন্তু রামুতে সরকারের পুনর্বাসন এবং অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেনি।

কামরুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ’৭১-এর ঘাতক দালাল ও তাদের প্রেতাত্মারা ওই সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে। জাতিকে বিভাজনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ’৭১-এর ঘাতকদের বিচার শেষ হলে দেশ সেই বিভাজন থেকে মুক্তি পাবে। এখন ধর্ম-বর্ণনির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধভাবে এ দেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলতে হবে।

এ সময় বক্তব্য রাখেন কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মুজিবুর রহমান, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জহিরুল ইসলাম সেলিম, বৌদ্ধ ধর্মগুরু ধর্ম রক্ষিত মহাথেরো, শীল ভদ্র ভিক্ষু, নারী নেত্রী পাপড়ী বসু, গণমাধ্যম ব্যক্তিত্ব অশোক কুমার বড়ুয়া প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে লন্ডনে অ্যামনেস্টির বার্ষিক প্রতিবেদন-২০১৩ প্রকাশ করা হয়। এতে ২০১২ সালের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়। অ্যামনেস্টি কেবল বাংলাদেশ নয়, বিশ্বের ১৫৯টি দেশের মানবাধিকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বাংলাদেশের বিরুদ্ধে বিনা বিচারে ৩০ জনকে হত্যা, ১০ জনকে গুমসহ নানা অভিযোগ তোলে অ্যামনেস্টি।