অ্যামনেস্টির বক্তব্য প্রত্যাহারের দাবি সেক্টর কমান্ডারস ফোরামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের পক্ষে দেওয়া মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি প্রত্যাহারের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ l ছবি: প্রথম আলো
যুদ্ধাপরাধীদের পক্ষে দেওয়া মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি প্রত্যাহারের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ l ছবি: প্রথম আলো

যুদ্ধাপরাধীদের পক্ষে দেওয়া লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
এদিকে জাতীয় মানবাধিকার কমিশন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আলাদা আলাদা বিবৃতিতে যুদ্ধাপরাধীদের পক্ষে দেওয়া অ্যামনেস্টির বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছে।
গতকাল সকালে ‘যুদ্ধাপরাধীদের পক্ষে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নির্লজ্জ দালালি বন্ধ করার দাবি’ ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করে সেক্টর কমান্ডারস ফোরাম। মানববন্ধনে ফোরামের ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিথ্যা বলেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকর্তাদের বিরুদ্ধে ভবিষ্যতে আন্দোলন করা হবে।
ফোরামের মহাসচিব হারুন হাবীব বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যদি দ্রুত তাদের বিবৃতি প্রত্যাহার না করে, তাহলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ফোরাম। অ্যামনেস্টির এ বিবৃতি বাংলাদেশের ইতিহাস পাল্টে দেওয়ার শামিল।
মানববন্ধন থেকে কয়েকজন বক্তা বাংলাদেশে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সব কার্যক্রম বন্ধ করারও দাবি জানান। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে বিচারের শেষ প্রান্তে এসে পাঁচজন পাকিস্তানির সাফাই সাক্ষ্য দেওয়ার আগ্রহ প্রকাশের প্রতিবাদ জানানো হয়। এটাকে তাঁরা নতুন ষড়যন্ত্র হিসেবে দেখছেন।
মানববন্ধন চলাকালে আরও বক্তব্য দেন ফোরামের সহসভাপতি লে. জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ, ম. হামিদ ও আনোয়ারুল আলম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান প্রমুখ।
জাতীয় মানবাধিকার কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরুর পর থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নানা ধরনের বক্তব্য ও বিবৃতি দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিচারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, জামায়াত, বিএনপি কোটি কোটি টাকা ব্যয় করে আমেরিকা ও ইউরোপে লবিস্ট নিয়োগ করেছে যুদ্ধাপরাধীদের রক্ষা ও মহাজোট সরকারকে উৎখাত করার জন্য।