অ্যামনেস্টির বক্তব্যের প্রতিবাদ সম্মিলিত সাংস্কৃতিক জোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশে বক্তারা বলেছেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিয়ে বিবৃতি দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটি মানবাধিকার নিয়ে কথা বলার নৈতিক অধিকার ও গ্রহণযোগ্যতা হারিয়েছে।

আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মূল ভবনের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বক্তারা অবিলম্বে অ্যামনেস্টিকে এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলেন। যদি তা না করা হয়, তবে এই প্রতিষ্ঠানকে বহিষ্কার করে দেশে নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা।

সমাবেশে জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে এবং আবৃত্তি শিল্পী রফিকুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি ম হামিদ, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান প্রমুখ।

সভাপতির বক্তব্যে গোলাম কুদ্দুছ বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার পর থেকেই দেশি-বিদেশি ষড়যন্ত্র আমরা লক্ষ্য করেছি। কখনো গণতন্ত্রের নামে, কখনো ধর্মের নামে, কখনো মানবাধিকারের নামে এই ধরনের ষড়যন্ত্র দেখতে দেখতে আমরা ত্যক্ত-বিরক্ত হয়ে গেছি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইট ওয়াচ গত কয়েক বছর ধরে মিথ্যা তথ্য দিয়ে লাগাতারভাবে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য তৎপর হয়েছে। জামায়াত ও বিএনপি কোটি কোটি টাকা খরচ করে বিদেশে যেসব লবিস্ট নিয়োগ করেছে, তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিভিন্ন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামুনুর রশিদ বলেন, আমেরিকার বিভিন্ন অমানবিক কর্মকাণ্ডে চুপ থেকে তারা এখন আইএসের প্রতি সহমর্মিতা দেখাচ্ছে। আল-জাজিরা চ্যানেলে লন্ডনে থাকা যুদ্ধাপরাধী মইনুদ্দিনের ইন্টারভিউ প্রকাশ করা হচ্ছে। এ সবকিছুই এক সূত্রে গাঁথা। ১৯৭১ সালের যুদ্ধের সময় আমেরিকার সাম্রাজ্যবাদী শক্তি আমাদের বিরোধিতা করেছিল এবং এখনো সেই ভূমিকাই পালন করছে।