লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, গত বছর বাংলাদেশে মতপ্রকাশের অধিকার খর্ব করার চেষ্টা চলেছে। এ জন্য ব্যবহার করা হয়েছে তথ্যপ্রযুক্তি আইন।
গতকাল বুধবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্ব মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে। এ প্রতিবেদনে বলা হয়েছে, গেল বছর গণমাধ্যম ও সাংবাদিকতা সরকারের মারাত্মক চাপের মুখে পড়েছিল।
গণমাধ্যমের ওপর হস্তক্ষেপের উদাহরণ দিতে গিয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের কথা উল্লেখ করেছে অ্যামনেস্টি। প্রতিবেদনে বলা হয়েছে, মাহ্ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির ৮০টি মামলা হয়। সেনা গোয়েন্দা সংস্থার চাপে শেখ হাসিনার কথিত দুর্নীতিবিষয়ক অসমর্থিত খবর ছেপেছিলেন—এ কথা স্বীকারের জন্য তাঁর বিরুদ্ধে ওই মামলাগুলো হয়। ৮২ বছর বয়স্ক সাংবাদিক ও বিরোধী দলের সমর্থক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যা ও অপহরণে সম্পৃক্ত থাকার অভিযোগে।
অ্যামনেস্টির পর্যবেক্ষণ হলো, সরকার এখনো নিপীড়নমূলক বেশ কিছু আইন বলবৎ রেখেছে। তথ্য ও প্রযুক্তি আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতা খর্ব হবে এমন আরও কয়েকটি বিল পাসের অপেক্ষায় আছে।