অ্যামনেস্টির সব ধরনের কার্যক্রম বন্ধের দাবি
মুক্তিযুদ্ধ সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করায় বাংলাদেশে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সব ধরনের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বগুড়া জেলা শাখার নেতারা। একই সঙ্গে সব যুদ্ধাপরাধীর বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিও জানান তাঁরা।
দুটি সংগঠনের নেতারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সব ধরনের তৎপরতা বন্ধের দাবিতে গতকাল শনিবার বগুড়ায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে এসব দাবি জানান।
বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায় অনুষ্ঠিত ওই মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক সাইফুল ইসলাম। এ সময় বক্তব্য দেন জেলা কমিটির সদস্যসচিব সাইফুজ্জামান টুটুল, ছাত্রনেতা কিবরিয়া হোসেন, শ্যামল বর্মণ, শহীদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে বিবৃতি দিয়েছে, এটা শুধু ধৃষ্টতাপূর্ণই নয়, অমার্জনীয় অপরাধও। এ ধরনের মন্তব্যের মাধ্যমে অ্যামনেস্টি লাখো শহীদের আত্মত্যাগকে ব্যঙ্গ করেছে। এ জন্য অ্যামনেস্টিকে বাংলাদেশের ১৬ কোটি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। সরকারের উচিত এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক আদালতে অ্যামনেস্টির বিরুদ্ধে মামলা করা।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামীর গোপন অর্থ জোগানে চলা কথিত এই মানবাধিকার সংগঠন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমানিত করে একাত্তরের ঘাতক-দালাল ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য উঠেপড়ে লেগেছে।