সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত রুলের শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে মত দেওয়া শুরু করেছেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি। গতকাল বৃহস্পতিবার শুনানিতে তিনি বলেছেন, ষোড়শ সংশোধনী সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক কি না, তা দেখতে হবে। কারণ, বাহাত্তরের সংবিধানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ছিল।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়েহ গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে গতকাল এ রুলের ওপর শুনানি হয়। ১৩ আগস্ট শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেছেন আদালত। ওই দিন আজমালুল হোসেন আবার তাঁর বক্তব্য উপস্থাপন করবেন।
গত বছরের ১৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হয়। এ সংশোধনীতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী। গত বছরের ৯ নভেম্বর ওই আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়েু হাইকোর্ট রুল দেন। গত ২১ মে রুল শুনানির প্রথম দিন এ বিষয়ে অ্যামিকাস কিউরি হিসেবে পাঁচজন জ্যেষ্ঠ আইনজীবীর মতামত নেওয়ার সিদ্ধান্ত নেন আদালত। তাঁরা হলেন: ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ ও আজমালুল হোসেন কিউসি।