অ্যামোনিয়া ট্যাংকের যন্ত্রাংশে ত্রুটি ছিল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে গাছের পাতা শুকিয়ে ঝরে পড়ছে। দুর্ঘটনাস্থলের এক শ গজ দূরের চিত্র এটি। চট্টগ্রামের আনোয়ারার ডিএপি সার কারখানায় গত সোমবার রাতে তরল অ্যামোনিয়া গ্যাসের একটি ট্যাংক ফেটে যায়। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে গাছের পাতা শুকিয়ে ঝরে পড়ছে। দুর্ঘটনাস্থলের এক শ গজ দূরের চিত্র এটি। চট্টগ্রামের আনোয়ারার ডিএপি সার কারখানায় গত সোমবার রাতে তরল অ্যামোনিয়া গ্যাসের একটি ট্যাংক ফেটে যায়। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

চট্টগ্রামের আনোয়ারার ডিএপি সার কারখানার তরল অ্যামোনিয়া ট্যাংকের ‘প্রেশার সেইফটি ভাল্ভ’ (গ্যাস নিঃসরণের ব্যবস্থা) অকেজো থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পৃথকভাবে গঠিত দুটি তদন্ত কমিটি। ট্যাংক রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও বিভিন্ন ত্রুটিবিচ্যুতি চিহ্নিত করেছে তারা। তরল অ্যামোনিয়া ট্যাংকে প্রতিনিয়ত সামান্য পরিমাণে গ্যাস তৈরি হয়। এই গ্যাস দীর্ঘ সময় বের হতে না পারায় ট্যাংকে গ্যাসের ব্যাপক চাপ সৃষ্টি হয়। সেই চাপে ট্যাংকটি ফেটে অন্তত ৫০ গজ দূরে গিয়ে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনা তদন্তে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও চট্টগ্রাম জেলা প্রশাসন গঠিত পৃথক দুটি কমিটির চারজন সদস্যের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে কেউ নাম প্রকাশ করতে রাজি হননি। গতকাল দিনভর কারখানায় অবস্থান করে তদন্ত কমিটির সদস্যরা কারিগরি বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেছেন।
তদন্ত কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, প্রেশার সেইফটি ভাল্ভ অকেজো ছিল। সনাতন পদ্ধতিতে গ্যাস বের করার যে ব্যবস্থা ছিল, তা-ও ঠিকমতো অপারেটররা পরিচালনা করেননি। স্পর্শকাতর এসব ট্যাংক পরিচালনার জন্য যে তদারকি থাকার দরকার ছিল, তাতেও অসংগতি ধরা পড়েছে। তবে পুরো তদন্ত শেষ হলে সঠিক চিত্র বেরিয়ে আসবে।
গত সোমবার রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙাদিয়া গ্রামে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার কারখানার ১ নম্বর ইউনিটে তরল অ্যামোনিয়া গ্যাসের একটি ট্যাংক বিকট শব্দে ফেটে যায়। তখন কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। ৫০০ টন ধারণক্ষমতার ট্যাংকটিতে দুর্ঘটনার সময় ২৫০ টন তরল অ্যামোনিয়া ছিল বলে কারখানার কর্মকর্তারা জানান। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়া ৫৩ জনকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তদন্ত কমিটি সূত্র জানায়, তরল অ্যামোনিয়া ট্যাংকের সঙ্গে সংযুক্ত শীতলীকরণ পদ্ধতিটি অকার্যকর ছিল কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। কারণ, স্বাভাবিক চাপে তরল অ্যামোনিয়া গ্যাসকে সর্বনিম্ন মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। তবে ট্যাংকের প্রেশার (চাপ) বাড়ানো হলে আরও অনেক কম তাপমাত্রায় অ্যামোনিয়া গ্যাসকে তরল অবস্থায় রাখা যায়।
দুর্ঘটনার পরদিন ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক অমল বড়ুয়া প্রথম আলোকে বলেছিলেন, ট্যাংক থেকে গ্যাস নিঃসরণের ব্যবস্থা (প্রেশার সেইফটি ভাল্ভ) অকার্যকর থাকায় এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের পর পুরো চিত্র বেরিয়ে আসবে।
এ বিষয়ে জাপানের ফুকুশিমা ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল রেডিও অ্যাক্টিভিটির সহযোগী অধ্যাপক ইসমাইল মোহাম্মদ মফিজুর রহমান গতকাল জাপান থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অ্যামোনিয়া ট্যাংক নিরাপদ রাখার জন্য ‘প্রেশার সেইফটি ভাল্ভ’ নিয়মিত রক্ষণাবেক্ষণ করা দরকার। সেইফটি ভাল্ভে ত্রুটি দেখা দিলে প্রয়োজনে পরিবর্তন করা জরুরি। ট্যাংকের নিরাপত্তার যন্ত্রগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা না হলে বা রক্ষণাবেক্ষণে কোনো ঘাটতি হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, অ্যামোনিয়া গ্যাসের ট্যাংক, পাইপ ও ট্যাংকের সাপোর্ট সিস্টেম ক্ষয়প্রবণ বিধায় ইনফ্রারেড থার্মোগ্রাফির সাহায্যে নিয়মিত পরীক্ষা করতে হয়।
ডিএপি সার কারখানায় এ ধরনের পরীক্ষা নিয়মিত করা হতো কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে কারখানার দায়িত্বশীল কোনো কর্মকর্তা কথা বলতে চাননি। বর্তমানে দেশের বাইরের একটি সার কারখানায় কর্মরত চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মালয়েশিয়াসহ বিশ্বের অনেক দেশে অ্যামোনিয়া প্লান্ট এলাকায় গ্যাস শনাক্তকরণ যন্ত্র থাকে। এসব যন্ত্রে অ্যামোনিয়ার মাত্রা ১০০ পিপিএমের (পার্টস পার মিলিয়ন) বেশি শনাক্ত হলে কারখানায় থাকা স্বয়ংক্রিয় পানি ছিটানোর ব্যবস্থা থেকে অবিরত পানি পড়তে থাকে। এতে গ্যাস ছড়িয়ে পড়তে পারে না। বাংলাদেশে সার কারখানাগুলোতে এই স্বয়ংক্রিয় পানি ছিটানোর ব্যবস্থা নেই।
ডিএপি সার কারখানা ঘুরে দেখা যায়, কারখানা চত্বরের বিভিন্ন স্থানে ফায়ার হাইড্রেন্ট রয়েছে। তবে বড় দুর্ঘটনা হলে সনাতন পদ্ধতির এসব ব্যবস্থা কার্যকর করার সুযোগ নেই। স্পর্শকাতর এই কারখানায় নিজস্ব অগ্নিনির্বাপণ গাড়ি নেই। কারখানায় মাত্র চারটি গ্যাস মাস্ক রয়েছে বলে জানান এক কর্মকর্তা।
দুর্ঘটনার তদন্তের অগ্রগতির বিষয়ে বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটি এখনো কাজ করছে। তারা সবকিছু যাচাই-বাছাই করে দেখছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার কারণ জানা যাবে।
এদিকে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া ট্যাংক পরিদর্শনে আসছেন চীনা প্রকৌশলীরা। সার কারখানার ১ নম্বর ইউনিটের ট্যাংকটি স্থাপন করেছিল একটি চীনা প্রতিষ্ঠান। দুর্ঘটনার পর চীনা প্রকৌশলীদের একটি দল দেশে এসেছে বলে জানান বিসিআইসির চেয়ারম্যান।