জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানার অ্যামোনিয়া গ্যাসে পাঁচটি গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্যাসের প্রভাবে প্রতিবছর আশপাশের ৭২ একর জমির ফসল নষ্ট হয়। এ ছাড়া ব্যাহত হচ্ছে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে যমুনা সার কারখানা অবস্থিত। ১৯৯১ সালে কারখানায় সার উৎপাদন শুরু হয়। ২৩ বছর ধরে কারখানা থেকে নির্গত অ্যামোনিয়া গ্যাসে কান্দারপাড়া, তারাকান্দি, চরপাড়া, পলিশা, ডুরিয়ারভিটা গ্রামের ১০ হাজার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই গ্যাসের প্রভাবে আশপাশের জলাশয় ও পুকুরের মাছও মরে যাচ্ছে। এলাকাবাসী বেশ কয়েকবার কারখানার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে ক্ষয়ক্ষতির প্রতিকার চেয়ে আবেদন করলেও তাতে কোনো কাজ হয়নি। গত সেপ্টেম্বর মাসেও এলাকাবাসীর পক্ষ থেকে এমডির কাছে আবেদন করা হয়েছে।
তবে কারখানা কর্তৃপক্ষ অ্যামোনিয়া গ্যাস ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। কারখানার অতিরিক্ত প্রধান রসায়নবিদ (অ্যামোনিয়া) এ কে এম আনোয়ারুল হক বলেন, ‘কারখানা থেকে কোনো অ্যামোনিয়া গ্যাস ছাড়া হয় না। অ্যামোনিয়া উৎপাদনের সময় কিছুটা বাইরে চলে যায়। এত বড় কারখানা, আশপাশে একটু ক্ষতি তো হবেই।’
গত বছর উপজেলা কৃষি কার্যালয় থেকে জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কাছে যমুনা সার কারখানা থেকে নির্গত গ্যাসের কারণে বোরো ফসলের ক্ষয়ক্ষতির বিষয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত মৌসুমে ওই কারখানা থেকে বের হওয়া গ্যাসে উপজেলার তারাকান্দি ও কান্দারপাড়া এলাকার ২৯ হেক্টর (৭২ একর) জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বছরে দুবার যমুনা সার কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস ছাড়া হয়। ফলে ফেব্রুয়ারি থেকে এপ্রিল—এই তিন মাস কারখানার চারপাশে গ্যাসের প্রভাব বেশি থাকে। এই সময় কারখানার পাশে পোগলদিঘা উচ্চবিদ্যালয়, পোগলদিঘা বালিকা উচ্চবিদ্যালয়, পোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কান্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসে থাকতে পারে না। গ্যাসে তাদের নাক-মুখ জ্বালাপোড়া করে। তাদের শ্বাস নিতে কষ্ট হয়। এই কারণে বেশ কিছুদিন পাঠদান ব্যাহত হয়।
সরেজমিনে দেখা গেছে, পোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পোগলদিয়া উচ্চবিদ্যালয়ের ১০০ হাত দূরেই কারখানা স্থাপন করা হয়েছে। কারখানার আশপাশের জমিতে কোনো ফসল নেই। পোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তানিয়া খাতুন বলে, গ্যাস ছাড়লে স্কুলে থাকা যায় না। তখন স্কুল ছুটি দিয়ে দেয়। আর ক্লাস হয় না। পোগলদিঘা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আলী আকবর বলে, গ্যাসের জন্য ক্লাসে থাকা যায় না। শ্বাসকষ্ট হয়।
পোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম জানান, কারখানা থেকে গ্যাস ছেড়ে দেওয়া হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি করে চলে যায়। তখন বিদ্যালয় ছুটি দেওয়া হয়।
কান্দারপাড়া গ্রামের সুফিয়া বেগম বলেন, ‘যখন গ্যাস ছেড়ে দেয় তখন চোখে দেখি না, শিশুদের রোগবালাই সব সময় লেগে থাকে।’ একই গ্রামের আ ফ ম ফারুখ জানান, কারখানার গ্যাসের জন্য ২৩ বছর ধরে তাঁর ছয় বিঘা জমিতে ফসল হয় না।
উপসহকারী কৃষি কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম জানান, কারখানার আশপাশের এলাকায় প্রতিবছর ৭২ একর জমির ফসল নষ্ট হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, জমিতে ফসল আবাদ হয়। কিন্তু যখন গ্যাস ছেড়ে দেওয়া হয় তখন ফসল মরে যায়। উপজেলা মৎস্য কর্মকর্তা শায়লা শারমিন জানান, গ্যাস ছেড়ে দেওয়া হলে নদী ও পুকুরের মাছ মরে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সোহেল মাহমুদ নবী জানান, অ্যামোনিয়া গ্যাসে মানুষ আক্রান্ত হলে শ্বাসকষ্ট দেখা দিতে পারে।
পরিবেশ অধিদপ্তর ঢাকা কার্যালয়ের উপপরিচালক নাজমুল হাসান জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান বলেন, ‘অভিযোগ পেয়েছি। এখনো তদন্তের নির্দেশ দেওয়া হয়নি।’
কারখানার এমডি (চলতি দায়িত্ব) মোস্তাফিজুর রহমান জানান, শিগগিরই কারখানার অ্যামোনিয়া গ্যাস ও বর্জ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।