অ্যাম্বুলেন্স উল্টে রোগী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ বাড়িতে স্ট্রোক করায় অ্যাম্বুলেন্সে করে বরিশাল শহরের হাসপাতালে নেওয়া হচ্ছিল ৭০ বছরের কৃষ্ণকান্ত শীলকে। কিন্তু হাসপাতাল পর্যন্ত আর যাওয়া হলো না। নিজ গ্রামের সীমানা পেরোনোর আগেই অ্যাম্বুলেন্সটি সড়ক দুর্ঘটনায় পড়ে। এতে প্রাণ হারান তিনি। গতকাল শনিবার সকালে কুয়াকাটা-বরিশাল সড়কের আমতলী অংশের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
অ্যাম্বুলেন্সে রোগী বাদে যাত্রী ছিলেন তিনজন। তাঁরা সবাই আহত হয়েছেন। যাত্রীরা হলেন কৃষ্ণকান্ত শীলের স্ত্রী অমরী রানী শীল, ছেলে হীরালাল শীল ও অমল শীল। আহত যাত্রীদের সবাইকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত অ্যাম্বুলেন্সচালক হাসানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তির স্বজনেরা জানান, সকাল ১০টার দিকে আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের অসুস্থ রোগী কৃষ্ণকান্ত শীলকে তাঁর বাড়ি থেকে চিকিৎসার জন্য ব্যক্তিমালিকানাধীন একটি অ্যাম্বুলেন্সে করে বরিশাল নিয়ে যাওয়া হচ্ছিল। চালক অ্যাম্বুলেন্সটি বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। দুই কিলোমিটার না যেতেই অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে রোগী কৃষ্ণকান্ত শীল মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। গতকাল সন্ধ্যায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।