অ্যাম্বুলেন্স, এক্স-রে যন্ত্র নষ্ট, সাধারণ পরীক্ষাও হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্র ও অ্যাম্বুলেন্স নষ্ট পড়ে আছে। স্বাস্থ্যকেন্দ্রে ইলেকট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) ও আলট্রাসনোগ্রাম যন্ত্র থাকলেও টেকনিশিয়ান না থাকায় সেগুলো চালানো যাচ্ছে না। পড়ে রয়েছে কক্ষবন্দী হয়ে। স্বাস্থ্যকেন্দ্রে রক্ত, প্রস্রাব ও মলমূত্র পরীক্ষাও ঠিকমতো করা হচ্ছে না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এক্স-রে যন্ত্র পাঁচ মাস ও অ্যাম্বুলেন্সটি ১৫ দিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। কর্তব্যরত চিকিৎসকেরা অনেক রোগীকে এক্স-রে, আলট্রাসনোগ্রাম, ইসিজিসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে তা না হওয়ায় বাধ্য হয়ে রোগীরা স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।
বাওচণ্ডী গ্রাম থেকে আসা রোগী সামছুল হক গত শনিবার অভিযোগ করে বলেন, ‘জ্বর ও শরীরে ব্যথা নিয়ে স্ত্রীকে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক তাঁর এক্স-রে ও রক্ত-প্রস্রাব পরীক্ষা করতে বলেন। কিন্তু হাসপাতালে এসব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় বিপদে পড়ি। বাধ্য হয়ে ৬৫০ টাকা জোগাড় করে পরদিন একটি ডায়াগনস্টিক সেন্টারে তা করিয়েছি।’
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের দুজন মেডিকেল সহকারী অভিযোগ করেন, হাসপাতালের টেকনোলজিস্ট আবদুল জলিল মলমূত্র পরীক্ষা না করে রোগীদের কৌশলে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পাঠান। সেখান থেকে তিনি রোগীপ্রতি কমিশন পান।
অভিযোগ সম্পর্কে আবদুল জলিল বলেন, ‘ভাই, আমি কোনো রোগীকে টেস্টের জন্য (পরীক্ষা-নিরীক্ষা) বাইরে পাঠাই না। হয়তো সময়ের অভাবে তাদের বলি আজ টেস্ট হবে না, কাল আসেন। আমি তো একা পরীক্ষা-নিরীক্ষা করি। এখানে দামি যন্ত্র আছে। কোথাও যেতে হলে কক্ষে তালা দিয়ে যেতে হয়।’
হাসপাতালের অ্যাম্বুলেন্সটি প্রায় সময় নষ্ট হয়ে পড়ে থাকায় রোগীরা দুর্ভোগ পোহাচ্ছেন। আমরুলবাড়ি গ্রামের মমতাজ উদ্দিন বলেন, গত ২৫ ফেব্রুয়ারি তাঁর আড়াই মাস বয়সের নাতি আরিফুল হকের নিউমোনিয়া হলে বদরগঞ্জ হাসপাতালে ভর্তি করান। পরদিন অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। ওই সময় হাসপাতালের অ্যাম্বুলেন্স নষ্ট থাকায় সঠিক সময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে না পারায় পথিমধ্যে তাঁর নাতি মারা যায়।
অ্যাম্বুলেন্সের চালক রফিকুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্সটি প্রায় সময় নষ্ট হয়ে পড়ে থাকে। ১৫ দিন আগে আবার ফ্যান, বেয়ারিং নষ্ট হওয়ায় তা বিকল হয়েছে। ৫০ হাজার টাকা হলেই অ্যাম্বুলেন্সটি সচল করা সম্ভব।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তৌফিক আহম্মেদ বলেন, ‘হাসপাতালের নানা সমস্যা। এগুলো দূর করার চেষ্টা করেও পারছি না।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার বলেন, এক্স-রে যন্ত্রটি ভালো হবে না বলে একজন প্রকৌশলী জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টাকা বরাদ্দ না থাকায় অ্যাম্বুলেন্সটি মেরামত করা যাচ্ছে না। আলট্রাসনোগ্রাম ও ইসিজি যন্ত্র থাকলেও জনবলের অভাবে তা চলছে না।
হাসপাতালে মলমূত্র পরীক্ষা না করার বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘আমি আসার পর থেকে তাঁর (আবদুল জলিল) বিরুদ্ধে এমন অভিযোগ শুনে আসছি। কিন্তু কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নিতে পারছি না।’