অ্যাম্বুলেন্স ও এক্স-রে অকেজো চিকিৎসকেরাও গরহাজির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একমাত্র অ্যাম্বুলেন্সটি কয়েক বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে গ্যারেজে। এক্স-রে মেশিনও নষ্ট। হাসপাতালের আশপাশ ঝোপঝাড়ে ভরা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিয়মিত কর্মস্থলে না থাকায় চিকিৎসকেরাও গরহাজির, যাঁর যখন ইচ্ছে হয় আসেন। এই হলো নোয়াখালীর সেনবাগে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সটি ঘুরে দেখা যায়, কর্মরত আছেন মাত্র তিনজন চিকিৎসক—গোলাম আজম, রাখি বণিক ও শ্রীবাস পাল। কিন্তু থাকার কথা আরও ছয়জন চিকিৎসক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল কাদের নিজেই অনুপস্থিত। অথচ তাঁর কক্ষের চেয়ারগুলো সাজিয়ে-গুছিয়ে রাখা। পাশাপাশি জ্বালিয়ে রাখা হয়েছে বৈদ্যুতিক বাতি। যেন আগন্তুক কেউ এসে মনে করেন এই বুঝি কর্মকর্তা বাইরে গেলেন।
স্থানীয় লোকজনের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সের অভিভাবক হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। অথচ তিনি নিজেই ঠিকমতো থাকেন না। এ কারণে অন্য চিকিৎসকেরা অনুপস্থিত থাকলেও তিনি কিছু বলতে পারেন না।
অনুপস্থিত থাকার অভিযোগ অস্বীকার করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল কাদের। মুঠোফোনে তিনি বলেন, ‘একটি বৈঠকে যোগ দিতে তিনি মন্ত্রণালয়ে গেছেন। এ রকম প্রায়ই বিভিন্ন দাপ্তরিক কাজে তাঁকে কর্মস্থলের বাইরে থাকতে হয়। এ নিয়ে যদি কেউ অভিযোগ করেন তাহলে তাঁর কিছুই করার নেই।’
এদিকে স্থানীয় লোকজনের অভিযোগের সঙ্গে একমত প্রকাশ করেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ দেলোয়ার হোসেনও। প্রথম আলোকে মুঠোফোনে তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সটির প্রধান সমস্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তিনি নিজেও ইতিপূর্বে নানা অনিয়মের বিষয়ে তাঁকে সতর্ক করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজের জন্য তাঁর কাছে দায়বদ্ধ কি না? এমন প্রশ্ন করলে সিভিল সার্জন বলেন, তিনি বিষয়টি দেখবেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আবদুর রহিম জানান, ৫০ শয্যার হাসপাতালটিতে ২২ জন চিকিৎসকের পদের মধ্যে জুনিয়র পরামর্শক চিকিৎসকের পাঁচটিসহ আটজন চিকিৎসকের পদ খালি। কাগজপত্রে কর্মরত আছেন ১৪ জন। এর মধ্যে একজন পরামর্শকসহ (চক্ষু) তিনজন প্রেষণে কাজ করছেন অন্যত্র। বাকিদের মধ্যে দুজন ছুটিতে, আর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মন্ত্রণালয়ে গেছেন। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সেই আছেন।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি প্রায় দুই বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। চালকও চাকরি ছেড়ে দিয়েছেন এক বছর আগে। এ অবস্থায় মুমূর্ষু রোগীদের নিয়ে স্বজনেরা প্রায়ই ভোগান্তির শিকার হন। বিশেষ করে গর্ভবতী নারীদের নিয়ে সমস্যা হয় সবচেয়ে বেশি।
একইভাবে এক্স-রে মেশিনটিও নষ্ট হওয়ায় এটি কোনো কাজে আসছে না। প্রায় আট বছর ধরে অকেজো জেনারেটর। এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার চিঠি দিয়েও কাজ হচ্ছে না বলে জানান প্রধান সহকারী আবদুর রহিম।