অ্যাম্বুলেন্স কি চালকের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহতাবস্থায় কাতরাচ্ছিলেন শহীদ শরিফ নামের এক তরুণ। উন্নত চিকিৎসার জন্য গত শনিবার সকালে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। নির্ধারিত ফি দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে শহীদকে বরিশালে নেওয়ার প্রস্তুতি নেন স্বজনেরা। কিন্তু বেঁকে বসেন অ্যাম্বুলেন্সের চালক। বকশিশের টাকা না দেওয়ায় রোগী নিয়ে যেতে অস্বীকৃতি জানান তিনি। পরের দিন ওই রোগীকে যাত্রীবাহী বাসে করে বরিশালে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্স চালকের এমন অমানবিক আচরণের বিচার চেয়ে রোগীর মা মনোয়ারা বেগম গত সোমবার বরগুনার সিভিল সার্জনের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক কোন্দলের জের ধরে পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের শহীদ শরিফ গত শুক্রবার প্রতিপক্ষের হাতে গুরুতর আহত হন। ওইদিনই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক আবু আল ফাত্তাহ শনিবার সকালে শহীদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। শহীদের আত্মীয়রা অ্যাম্বুলেন্সে করে তাঁকে বরিশাল নেওয়ার প্রস্তুতি নিলে চালক নাসির উদ্দীন নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ৭০০ টাকা বকশিশ দাবি করেন। কিন্তু শহীদের স্বজনেরা সে টাকা জোগাড় করতে না পারায় চালক নাসির বেঁকে বসেন। আহত শহীদের কাতরানি শুনে হাসপাতালের সেবিকাসহ রোগীর স্বজনেরা চালককে অনেক কাকুতি-মিনতি করেন। কিন্তু নাসির উদ্দীন তাঁর কথায় অটল—ওই পরিমাণ বকশিশ না দিলে যাবেন না তিনি। পরের দিন দুপুরে বিআরটিসির বাসে করে শহীদকে বরিশালে নিয়ে যান স্বজনেরা। পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা জানান, অ্যাম্বুলেন্সে করে পাথরঘাটা থেকে বরিশালে রোগী পরিবহনের জন্য নির্ধারিত ভাড়া আড়াই হাজার টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মচারী জানান, অ্যাম্বুলেন্স চালক নাসির দীর্ঘদিন ধরে রোগীর স্বজনদের কাছ থেকে অতিরিক্ত এক থেকে দেড় হাজার টাকা আদায় করে আসছেন। টাকা দিতে না পারলে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বিকলের অজুহাত দেখান তিনি। নাসির উদ্দীন বলেন, ‘অ্যাম্বুলেন্সে করে ওই রোগীকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। রোগীর আত্মীয়রা ভাড়ার রসিদও কেটেছিলেন। কিন্তু আমি ৫০০ টাকা অতিরিক্ত দাবি করার পর তাঁরা আর আসেননি।’ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু আল ফাত্তাহ প্রথম আলোকে বলেন, ‘রোগীর স্বজনদের অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে চালকের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’