অ্যাম্বুলেন্স চলে না তিন বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি তিন বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। কোনো কাজ না করেই বেতন পাচ্ছেন অ্যাম্বুলেন্সের চালক।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়নের প্রায় তিন লাখ মানুষ এখান থেকে চিকিৎসাসেবা নেন। এটি ৫০ শয্যার হলেও এখানে কোনো লোকবল নিয়োগ বা প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হয়নি। ২০০৯ সালে হাসপাতালের অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কারণে বিকল হয়ে যায়। তহবিলের অভাবে এটিও মেরামত করা সম্ভব হয়নি। এরই মধ্যে গাড়ির অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। কিন্তু এর চালক কাজ না করলেও প্রতি মাসে বেতন নিচ্ছেন।হাসপাতালে ভর্তি থাকা রোগী তোফাজ্জেল হোসেন বলেন, ‘আমি অসুস্থ হয়ে এ হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করি। তাঁরা জানান, অ্যাম্বুলেন্স খারাপ। পরে ভ্যানে চড়ে এখানে আসি।’অ্যাম্বুলেন্সের চালক হুমায়ুন কবীর জানান, ২০০৯ সালে ব্রেকের সমস্যার কারণে গাড়িটি ফরিদপুরের নগরকান্দায় একটি ভ্যানের সঙ্গে দুর্ঘটনা ঘটে। এটি মেরামত করতে প্রায় সাড়ে তিন লাখ টাকা লাগবে।মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিত রঞ্জন দাস জানান, বহির্বিভাগ ও আন্তবিভাগে অনেক রোগী আসে। জরুরি বিভাগে প্রতিদিন গড়ে ৪০-৪৫ জন রোগী আসে। এখানে সেবার মান উন্নত করার জন্য দক্ষ চালক ও একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স খুবই জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার পত্র দেওয়া হলেও কোনো ফল পাওয়া যায়নি।