অ্যাম্বুলেন্স-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে আজ বুধবার সকালে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স ও বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রোগীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তাড়ুয়া গ্রামের সাঈদ মোল্লা (৭০), তাঁর ছেলে নয়ন মোল্লা (৩৭) ও যাত্রাবাড়ী থানার শেখদি এলাকার জামাল হোসেনের ছেলে অ্যাম্বুলেন্স চালকের সহকারী রাজা হোসেন (১৮)।

কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলামের তথ্যমতে, সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স ও নরসিংদীগামী বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নয়ন মোল্লা ও রাজা হোসেন নিহত হন। স্থানীয় লোকজন অ্যাম্বুলেন্সের আহত রোগী সাঈদ মোল্লা, তাঁর বড় ছেলে আলী আহম্মদ ও অ্যাম্বুলেন্সের চালককে স্থানীয় ভুলতা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাঈদ মোল্লার মৃত্যু হয়। তিনি বলেন, লাশ দুটি কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। অ্যাম্বুলেন্স ও ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক পলাতক।