অ্যাম্বুলেন্স থেকে লাশ ফেলে গেল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনদুপুরে একটি অ্যাম্বুলেন্স থেকে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় এক তরুণের লাশ ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই তরুণের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় বর্ষা সিনেমা হলের সামনে দুপুর ১২টার দিকে একটি অ্যাম্বুলেন্স থামে। এরপর কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় তরুণের লাশটি ফেলে যানটিসহ দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী তাৎক্ষণিক পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে অ্যাম্বুলেন্সটির সন্ধান করে। যানটির সন্ধান না পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। লাশের পরনে হাফহাতা গেঞ্জি ও নেভি-ব্লু রঙের ফুলপ্যান্ট ছিল। দুর্বৃত্তরা ওই তরুণকে অন্য কোথাও পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা পর লাশটি ওই স্থানে এনে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অ্যাম্বুলেন্সটির খোঁজে পুলিশের অভিযান চলছে।
আরেকটি লাশ উদ্ধার: একই দিন সদর উপজেলার কলমেশ্বর এলাকার একটি বাড়ির পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক বলেন, গত শনিবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে যায় বলে পুলিশ ধারণা করছে। লাশের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।