অ্যাম্বুলেন্স দেখে পালানো যুবকের মৃত্যু হলো বাড়িতেই

ঝালকাঠির নলছিটিতে জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে এক যুবকের (৩৭) মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে তিনি মারা যান। করোনার উপসর্গ থাকায় স্বাস্থ্যবিধি মেনে দাফনের ব্যবস্থার পাশাপাশি তাঁর বাড়িসহ আশপাশের কিছু বাড়ি লকডাউনের প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন।
ওই যুবক নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করতেন। ৫ দিন আগে নারায়ণগঞ্জ থেকে নলছিটিতে গ্রামের বাড়িতে আসেন তিনি। ১৫ মে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু এখনো তাঁর প্রতিবেদন আসেনি।
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনীবুর রহমান বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই যুবক পাঁচ দিন আগে নলছিটির ওই গ্রামে আসেন। এলাকাবাসীর কাছে জানতে পেরে স্বাস্থ্যকর্মীরা তাঁর নমুনা সংগ্রহ করে। শনিবার বিকেলে শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাঁকে বরিশাল পাঠানোর চেষ্টা করা হয়। কিন্তু তিনি অ্যাম্বুলেন্স দেখে বাড়ি থেকে পালিয়ে যান। আজ সকাল ৮টার দিকে বাড়িতে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফনের ব্যবস্থা করে তাঁর বাড়িসহ আশপাশের কিছু বাড়ি লকডাউন করা হবে।
এদিকে নলছিটিতে ৩৩ বছরের এক ব্যবসায়ীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ১২ মে তাঁর নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাতে তাঁর প্রতিবেদনে করোনা পজিটিভ আসে। এ নিয়ে নলছিটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিনজনে।
অপরদিকে জেলার রাজাপুরে একজন নার্সের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল তাঁর করোনা পজিটিভ আসে। দুজন নার্সসহ এ নিয়ে রাজাপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়াল চারজনে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯ জন। এর মধ্যে কাঁঠালিয়া উপজেলায় দুজন এবং ঝালকাঠি সদরে ১০ জন আছেন। জেলা সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।