অ্যাম্বুলেন্স ধর্মঘটে দুর্ভোগ
চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমিতি আকস্মিকভাবে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়ায় রোগীরা দুর্ভোগে পড়েছেন।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনের সড়কের পাশ থেকে পার্কিং করা অবস্থায় তিনটি অ্যাম্বুলেন্স পুলিশ আটক করে। এর মধ্যে দুটি অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে মামলা করা হয়।
এ ঘটনার প্রতিবাদে অ্যাম্বুলেন্স মালিক সমিতি মঙ্গলবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। ফলে সমিতির অধিভুক্ত প্রায় ২০০ অ্যাম্বুলেন্স নগর ও উপজেলায় রোগী আনা-নেওয়া বন্ধ করে দেয়। গতকাল বুধবারও এ ধর্মঘট অব্যাহত থাকে।
সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘সাবেক পুলিশ কমিশনারের মৌখিক আদেশে আমরা মেডিকেলের সামনে চারটি অ্যাম্বুলেন্স পার্ক করে আসছি আগে থেকেই। হাসপাতালের রোগীদের প্রয়োজনে এটা করি। কিন্তু হঠাৎ মঙ্গলবার পুলিশ অ্যাম্বুলেন্স রেকার দিয়ে নিয়ে যায়। তাই আমরা ধর্মঘটে গেছি।’
গতকাল বুধবার বিকেলে চমেক হাসপাতালের সামনে দেখা যায় কয়েকজন রোগীর স্বজন অ্যাম্বুলেন্স খুঁজছেন। তাঁরা এ সময় হাসপাতালের সামনে সমিতির কার্যালয়েও যান। কিন্তু কোনো অ্যাম্বুলেন্স যেতে রাজি হয়নি।
বোয়ালখালীর এক নারী রোগীকে সিএনজি অটোরিকশা করে নিয়ে যেতে দেখা গেছে। রোগীর স্বজন বলেন, ‘অনেকভাবে বলেছি তারা রাজি হয়নি। তাই বাধ্য হয়ে সিএনজি অটোরিকশা করে বাড়ি ফিরছি।’
এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘তারা যেভাবে সড়কে গাড়ি রাখত, এটি কোনোভাবে কাম্য নয়। তাদের কেউ কোনো সময় এভাবে গাড়ি রাখার অনুমতি দেয়নি।’