অ্যাম্বুলেন্স নষ্ট তিন মাস ভোগান্তিতে রোগীরা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল গ্রামের রাফিউল ইসলাম তাঁর প্রসূতি স্ত্রী মোমেনা বেগমকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। শারীরিক অবস্থা দেখে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মোমেনাকে দ্রুত বগুড়া নিতে বলেন। রাফিউল ইসলাম খোঁজ নিয়ে জানতে পারেন, হাসপাতালের অ্যাম্বুলেন্সটি তিন মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। অ্যাম্বুলেন্স না থাকায় স্ত্রীকে কীভাবে বগুড়া নিয়ে যাবেন তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন রাফিউল। রাফিউল ইসলামের মতো এ উপজেলার অনেক মানুষ তাঁদের অসুস্থ স্বজনদের নিয়ে বিপাকে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়। প্রথম ১০ বছর বেশ ভালোভাবে রোগী নিয়ে চলাচল করেছিল এটি। এরপর নানা ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এটি প্রায়ই বিকল হয়ে পড়ত। মেরামত করার পর কিছুদিন চললেও আবার তা বিকল হতো। সর্বশেষ ১৩ জানুয়ারি আবারও এটি বিকল হয়ে যায়। বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও গত রোববার পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, এক লাখ থেকে দেড় লাখ টাকার মধ্যে যদি অ্যাম্বুলেন্সটি সারানো যায়, তবে এ টাকা উপজেলা পরিষদের তহবিল থেকে দেওয়ার চেষ্টা করা হবে। বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে বলা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুছা আল মুনছুর বলেন, অ্যাম্বুলেন্স মেরামত ও নতুন একটি অ্যাম্বুলেন্স বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। আশা করা যায় অচিরেই এ সমস্যা কেটে যাবে।