অ্যাম্বুলেন্স নষ্ট দীর্ঘদিন ভোগান্তিতে রোগীরা
বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় সাড়ে চার লাখ মানুষের ভরসা ছিল একমাত্র অ্যাম্বুলেন্স। সে অ্যাম্বুলেন্সটিও বিকল হয়ে পড়ে আছে তিন বছর। ফলে উপজেলার রোগীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। এ অবস্থায় বেশি টাকা খরচ করে রোগীদের চিকিৎসাসেবা নিতে হচ্ছে।
শিবগঞ্জ উন্নয়ন কমিটি (শিউক) মহাসচিব তৌহিদুর রহমান বলেন, ‘আমরা ভালো একটি অ্যাম্বুলেন্স দাবি করে কর্তৃপক্ষকে একাধিকবার বলেছি। কিন্তু কোনো প্রতিকার হয়নি। অ্যাম্বুলেন্স না থাকায় মুমূর্ষু রোগী নিয়ে স্বজনদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।’
জানা গেছে, ১৯৯৪ সালে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়। প্রথম ১০ বছর বেশ ভালোভাবে চলাচল করলেও পরে অ্যাম্বুলেন্সটি প্রায়ই বিকল হতে থাকে। মেরামত করার পর কিছু দিন যেতে না যেতেই আবারও বিকল। ২০১২ সালের ১৩ জানুয়ারি থেকে অ্যাম্বুলেন্সটি একেবারে বিকল হয়ে আছে। এটি মেরামত করতে যে টাকার প্রয়োজন তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেই। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও অ্যাম্বুলেন্সটি মেরামত করে সচল করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
উপজেলার সাদুল্লাপুর গ্রামের তোফাজ্জল হোসেন (৪০) জানান, কয়েক দিন আগে মারামারি-সংক্রান্ত কারণে আহত হওয়া তাঁর এক আত্মীয়কে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। পরে রোগীকে বগুড়ায় স্থানান্তর করা হয়। কিন্তু সমস্যা দেখা দেয় যানবাহন নিয়ে। রাতে অনেক কষ্টে একটি মাইক্রোবাস ঠিক করে তিন গুণ বেশি ভাড়া দিয়ে রোগীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হয়।
উপজেলার কুড়াহার গ্রামের আশরাফ আলী (৪৫) তাঁর মুমূর্ষু স্ত্রীকে গত রোববার উপজেলা সদরের একটি ক্লিনিকে নিয়ে আসেন। শারীরিক অবস্থা দেখে চিকিৎসক তাঁকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। এ অবস্থায় তিনি অ্যাম্বুলেন্স না পেয়ে হতাশ হয়ে পড়েন। আশরাফ বলেন, ‘ভাবতে অবাক লাগে উপজেলা হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স নেই। স্বাস্থ্যসেবায় এই উপজেলার মানুষ কতটা ঝুঁকির মধ্যে রয়েছে, তা এই একটি ঘটনা থেকেই বোঝা যায়।’
স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র জানায়, অ্যাম্বুলেন্স নষ্ট হওয়ায় রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। নতুন একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ পেলে সবচেয়ে ভালো হয়। শোনা যাচ্ছে একটি নতুন অ্যাম্বুলেন্স পাওয়া যাবে। কিন্তু কবে পাওয়া যাবে তার নিশ্চয়তা নেই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুছা আল মুনছুর বলেন, ‘অ্যাম্বুলেন্স মেরামত ও নতুন একটি অ্যাম্বুলেন্স বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। আশ্বাসও মিলেছে। আশা করা যায় অচিরেই এ সমস্যা কেটে যাবে।’