অ্যাম্বুলেন্স পেলেন চা-শ্রমিকেরা

হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতটি চা-বাগানের শ্রমিকদের জন্য একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ দিয়েছে সরকার। গতকাল সোমবার দুপুরে সংরক্ষিত আসনের (হবিগঞ্জ ও সিলেট) সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী অ্যাম্বুলেন্সটির চাবি একজন নারী চা-শ্রমিকের হাতে তুলে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী গত ৫ সেপ্টেম্বর জাতীয় সংসদে চা-শ্রমিকদের জন্য একটি অ্যাম্বুলেন্সের দাবি তোলেন। এর পরিপ্রেক্ষিতে সরকার ১৭ অক্টোবর উপজেলার সাতটি চা-বাগানের শ্রমিকদের জন্য একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ দেয়।
গতকাল উপজেলা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাতটি চা-বাগানের শ্রমিক ও শ্রমিকসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী বৃন্দাবন চা-বাগানের শ্রমিক রানী সাঁওতালের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন। তিনি বলেন, এই প্রথম দেশের চা-শ্রমিকদের জন্য অ্যাম্বুলেন্স দিল সরকার। সরকার সব শ্রেণি-পেশার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে।