অ্যাম্বুলেন্স বন্ধ দুই মাস
অর্থ বরাদ্দ না থাকায় দুই মাস ধরে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন মুমূর্ষু রোগীর অভিভাবকেরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩১ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে নয় বছর আগে সরকারিভাবে একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। এই অ্যাম্বুলেন্সে এত দিন মুমূর্ষু রোগী পরিবহন করা হয়। এ জন্য রোগীদের যাতায়াতে প্রতি কিলোমিটারে ১২ টাকা হিসাবে ভাড়া দিতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সরকার টাকা বরাদ্দ দিচ্ছে না। ফলে এত দিন বাকিতে তেল নিয়ে চলাচল করলেও নির্ধারিত তেল পাম্পে বাকির পরিমাণ বেড়ে দাঁড়ায় পাঁচ লক্ষাধিক টাকা। ফলে পাম্প থেকে তেল দেওয়া বন্ধ করে দেয়। এ কারণে দুই মাস ধরে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রয়েছে।অ্যাম্বুলেন্সের চালক আবদুল আজিজ বলেন, ‘পুরোনো হলেও এত দিন বাকিতে তেল এনে অ্যাম্বুলেন্সটি চালিয়েছিলাম। এখন আর বাকিতে তেল পাওয়া যাচ্ছে না।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিআরএম মোকছেদুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে তেলের বরাদ্দ না থাকায় তেল পাম্প থেকে বাকিতে তেল নিয়ে এত দিন অ্যাম্বুলেন্সটি চালানো হয়েছিল। বাকির পরিমাণ পাঁচ লাখ টাকা ছাড়িয়ে যাওয়ায় পাম্প থেকে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে আমরা অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছি। অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় মুমূর্ষু রোগীদের নিয়ে ভোগান্তি বেড়ে গেছে।