অ্যাম্বুলেন্স বিকল এক মাস রোগীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স এক মাস ধরে বিকল থাকায় রোগী পরিবহন করা নিয়ে দুর্ভোগে পড়েছেন লোকজন। চলমান অবরোধ ও হরতালে দুর্ভোগের মাত্রা আরও বেড়েছে।
কয়েকজন রোগীর স্বজনেরা জানান, হরতাল অবরোধে মহাসড়কে অ্যাম্বুলেন্স ছাড়া অন্যান্য গাড়ি ভাঙচুরের আশঙ্কা বেশি থাকে। এ কারণে গাড়ির চালকেরা রোগী স্থানান্তর করতে চান না। তাই এ সময় রোগী পরিবহন করতে চালকদের বাড়তি টাকা দিতে হচ্ছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নূরে আলম বলেন, এ মাসের ১৫ জানুয়ারি পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জরুরি ভিত্তিতে ৪৩ জন রোগীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যেক রোগীকে বিকল্প ব্যবস্থায় স্বজনেরা নিয়ে গেছেন।
অ্যাম্বুলেন্সের চালক মো রুহুল বলেন, গাড়িটি মেরামতের জন্য বগুড়ার একটি ওয়ার্কসপে দেওয়া হয়েছে।
এস এ পরিবহনের কাভার্ড ভ্যানের চালকের সহকারী (হেলপার) বেলাল হোসেন জানান, গত শনিবার রাত ১২টায় তাঁদের গাড়িটি ঢাকায় যাওয়ার পথে শেরপুরে দুর্বৃত্তদের হামলায় চালক শামিম (২৩) গুরুতর আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স বিকল হয়ে থাকায় বাড়তি টাকা ব্যয়ে অন্য গাড়িতে তাঁকে প্রায় দেড় ঘণ্টা পর স্থানান্তর করতে হয়েছে। এতে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন।
শহরের ধুনট রোড এলাকার জাহিদুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে ৪৫০ টাকায় রোগী পরিবহন করা যেত। কিন্তু এখন রোগী বগুড়ায় নিতে কমপক্ষে দেড় হাজার টাকা ব্যয় করতে হচ্ছে।
অ্যাম্বুলেন্সের বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক সুলতান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকটি অ্যাম্বুলেন্স দেওয়া হলে এই দুর্ভোগ থাকবে না।