অ্যাম্বুলেন্স বিকল সাত মাস
রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি সাত মাস ধরে বিকল। এ কারণে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এখান থেকে প্রতিদিন গড়ে চার-পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করতে হয়। কিন্তু অ্যাম্বুলেন্স না থাকায় তা করা যাচ্ছে না। কুর্শা ইউনিয়ন পরিষদের সদস্য তুহিনুর ইসলাম বলেন, গত ২০ জুন রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ২২ জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আহতদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু অ্যাম্বুলেন্সের অভাবে যথাসময়ে আহতদের সেখানে নিতে না পারায় পাঁচজন মারা যান। অ্যাম্বুলেন্সের চালক রফিকুল ইসলাম বলেন, ‘অ্যাম্বুলেন্সটির রিং, পিস্টন, ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের সেবা নিশ্চিত করতে না পারায় আমাকে প্রতিনিয়ত রোগীর স্বজনদের রোষানলে পড়তে হচ্ছে।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাজাহান বলেন, তহবিলে টাকা না থাকায় অ্যাম্বুলেন্সটি মেরামত করা সম্ভব হচ্ছে না। নতুন অ্যাম্বুলেন্সের জন্য সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছয় মাস আগে আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি।