অ্যাম্বুলেন্স সেবা বন্ধ দুই মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রল পাম্পে জ্বালানি তেলের প্রায় সাড়ে তিন লাখ টাকা বকেয়া। এ কারণে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে তেল সরবরাহ বন্ধ করে দেয় পাম্পটি। এতে প্রায় দুই মাস ধরে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। এতে প্রসূতিসহ মুমূর্ষু রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি তেল স্থানীয় একটি পেট্রল পাম্প থেকে বাকিতে কেনা হয়। সরকারি বরাদ্দ পাওয়ার পর তা পরিশোধ করা হয়। মে মাস পর্যন্ত পেট্রল পাম্পটিতে জ্বালানি তেলের প্রায় সাড়ে তিন লাখ টাকা বকেয়া হয়। এ কারণে পাম্প কর্তৃপক্ষ জুনের প্রথম সপ্তাহ থেকে অ্যাম্বুলেন্সে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেয়। সেই থেকে অ্যাম্বুলেন্স সেবাও বন্ধ রয়েছে। ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৪ সাল থেকে প্রসূতি ও মাতৃস্বাস্থ্য সেবায় ১১ বার দেশে সেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্বাচিত হয়েছে। অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় প্রসূতি ও শিশুদের আনা–নেওয়া করা যাচ্ছে না।

চৌগাছা পৌর এলাকার হাইস্কুল সড়কের বাসিন্দা ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন আগে আমার প্রসূতি পুত্রবধূ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ভর্তি হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত যশোর নিতে বলেন। কিন্তু অ্যাম্বুলেন্সটি বন্ধ থাকায় বাইরে থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে তাকে যশোরে নিয়ে গেছি। কিন্তু ততক্ষণে আমার পুত্রবধূর অবস্থা গুরুতর হয়ে পড়ে।’

বকেয়ার সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য কমপ্লেক্সটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আওরঙ্গজেব বলেন, বিষয়টি সুরাহার চেষ্টা চলছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা বেগম বলেন, ‘আমরা পেট্রল পাম্পের মালিকের সঙ্গে কথা বলেছি। তিনি তেল সরবরাহ করতে রাজি হয়েছেন। আগামী ১ আগস্ট থেকে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হবে। আগস্টে সরকারি বরাদ্দ পাওয়ার পর পেট্রল পাম্পের বকেয়া টাকা পরিশোধ করা হবে।’