অ্যাম্বুলেন্সকে ট্রাকের ধাক্কা, রোগীসহ তিন আরোহী নিহত
গুরুতর অসুস্থ শ্বশুরকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন ব্যবসায়ী নয়ন মোল্লা। সঙ্গে ছিলেন শ্যালক আলী আহম্মদ। কিন্তু হাসপাতালে পৌঁছানোই হলো না নয়নের। পথে বেপরোয়া ট্রাকের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারিয়েছেন তিনি ও অ্যাম্বুলেন্স চালকের সহকারী। গুরুতর আহত শ্বশুর সাঈদ মোল্লাও পরে হাসপাতালে মারা গেছেন।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে। অ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। ঘটনায় আহত হয়েছেন নয়ন মোল্লার শ্যালক আলী আহম্মদসহ দুজন।
নিহত সাঈদ মোল্লা (৭০) ও নয়ন মোল্লার (৩৭) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তাড়ুয়া গ্রামে। নিহত অপর ব্যক্তি অ্যাম্বুলেন্স চালকের সহকারী রাজা হোসেনের (১৮) বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদি এলাকায়। বাবার নাম জামাল হোসেন। অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্সচালককে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাঁচপুর মহাসড়ক পুলিশের উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, গতকাল সকাল আটটার দিকে আশুগঞ্জ থেকে রোগী সাঈদ মোল্লাকে নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে বালুবাহী একটি ট্রাকের (দিনাজপুর-ট-৯৮১৩) সঙ্গে এর সংঘর্ষ হয়। সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
নিহত সাঈদ মোল্লার আরেক জামাতা মিজানুর রহমান বলেন, তাঁর শ্বশুর দীর্ঘদিন ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।