অ্যাম্বুলেন্সচাপায় আহত আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফটকে অ্যাম্বুলেন্সচাপায় আহত রমজান আলী মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ মোট পাঁচজন নিহত হলেন।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রমজান আলী মারা যান।
গত শনিবার (১৫ অক্টোবর) সকাল সোয়া নয়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের মূল ফটকের সামনে ‘মানব সেবা’ নামের একটি অ্যাম্বুলেন্সের চাপায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজন নিহত হন। তাঁরা হলেন গোলেনুর বেগম (২৫), তাঁর সাত বছরের ছেলে সাকিব, অন্তঃসত্ত্বা আমেনা বেগম (৩০) ও অজ্ঞাতনামা পুরুষ (৬০)। দুর্ঘটনায় আহত হন গোলনুরের ছয় মাস বয়সী ছেলে আকাশ, আমেনা বেগমের ছেলে সজীব (৮), বাচ্চু মিয়া (৩৫) ও রমজান আলী (৩০)।
যে অ্যাম্বুলেন্স এ দুর্ঘটনা ঘটায় সেটির মালিক হাসপাতালের এক কর্মচারী। পুলিশ এ ঘটনায় চালকের সহকারী সোহেল মিয়াকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সের মালিক ঘটনার পর থেকে পলাতক।