অ্যাম্বুলেন্সসহ চারটি গাড়ি ও একটি বাস ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিজয়নগর এলাকায় গতকাল রোববার রাতে আঞ্জুমান মুফিদুল ইসলামের অ্যাম্বুলেন্সসহ চারটি গাড়ি ভাঙচুর এবং খিলগাঁওয়ে একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে নয়টার দিকে হরতাল-সমর্থকেরা বিজয়নগর এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে আঞ্জুমান মুফিদুল ইসলামের একটি অ্যাম্বুলেন্সের ওপর হামলা চালায়। তারা লাঠিসোঁটা নিয়ে অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করে। একপর্যায়ে সেখানে আরও তিনটি গাড়িতে ভাঙচুর চালায়। আঞ্জুমান মুফিদুল ইসলামের প্রধান কার্যালয়ের উপপরিচালক (সেবা) মো. সারোয়ার জাহান বলেন, অ্যাম্বুলেন্সটি দিয়ে রোগী বহন করা হলেও ভাড়া নেওয়া হয় না। গতকাল রাতে মিরপুরের একটি হাসপাতালে রোগী নামিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করা হয়।এদিকে, খিলগাঁওয়ে রাতে একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে মিনিবাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত নয়টার দিকে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালসংলগ্ন সবুজমতি ভবনের সামনে তুরাগ পরিবহনের একটি মিনিবাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।