অ্যাম্বুলেন্সে আগুন, ভবন ভাঙচুর
১৮ দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে গতকাল রোববার ছাত্রদলের কর্মীরা রাজশাহী চেম্বার অ্যান্ড কমার্স ভবনে ভাঙচুর করেছেন। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়ক ও ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের জয়নগরের মুন্নার মোড় এলাকায় অ্যাম্বুলেন্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন অবরোধকারীরা।
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এদিকে ১৮ দলের মিছিলে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে দিনাজপুরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। গাইবান্ধায় অবরোধকারীদের সঙ্গে র্যাব-পুলিশের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। নাটোর জেলা নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্র পুড়ে গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: গতকাল দুপুর ১২টার দিকে নগরের অলোকার মোড় এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রদল। এ সময় তারা রাজশাহী চেম্বার অ্যান্ড কমার্স ভবন ভাঙচুর করে। তাদের হামলায় ভবনের উত্তর পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়।
সিরাজগঞ্জ: কামারখন্দ উপজেলার সীমান্তবাজারে গতকাল ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন ছাত্রদলের কর্মীরা। এ সময় উত্তরবঙ্গগামী একটি অ্যাম্বুলেন্স ও একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি ভাঙচুর করেন তাঁরা। এ সময় র্যাব সদস্যরা ঘটনাস্থলে গেলে ইটপাটকেল ও ককটেল ছোড়েন কর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জ: টোলঘর এলাকায় সকাল পৌনে ১০টার দিকে ছয়টি অটোরিকশা ভাঙচুর ও একটিতে অগ্নিসংযোগ করেছেন অবরোধকারীরা। এ সময় সেখানে দায়িত্ব পালনের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ফয়সাল মাহমুদকে লক্ষ্য করে একটি ককটেল ছোড়েন তাঁরা। তবে ককটেলটি কিছু দূরে বিস্ফোরিত হওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে অবরোধকারীরা তাঁর ব্যবহূত মোটরসাইকেলটি ভাঙচুর করেন।
দিনাজপুর: ২৭ ও ২৮ নভেম্বর অবরোধের সমর্থনে ১৮ দলের মিছিলে পুলিশ ও ছাত্রলীগ সমর্থকদের হামলার প্রতিবাদে গতকাল দিনাজপুরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এ সময় শহরের অধিকাংশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস-পরীক্ষা হয়নি। ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
গাইবান্ধা: ১৮ দলের নেতা-কর্মীরা শহরের কাচারিবাজার এলাকায় মিছিল করলে পুলিশ তাতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় প্রায় ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্যসহ ১৮ দলের ২০ নেতা-কর্মী আহত হন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করে। এদিকে গাইবান্ধা সরকারি কলেজে উচ্চমাধ্যমিকের নির্বাচনী পরীক্ষা নেওয়ার চেষ্টা করলে অবরোধকারীরা ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটান। পরে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত ঘোষণা করে।
নাটোর: জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, শনিবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা নির্বাচন কার্যালয়ের নিচতলার চারটি জানালা ভেঙে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন। আগুনে কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র, আসবাব ও কম্পিউটার পুড়ে যায়। এ সময় কার্যালয়ের সামনে থাকা দায়িত্বরত পুলিশ দুর্বৃত্তদের প্রতিরোধের চেষ্টা করলে তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ পাঁচটি ফাঁকা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়।
ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কে জয়নগরের মুন্নার মোড়ে শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাস্তা অবরোধকারীরা একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে ঢাকা যাওয়ার পথে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে খালি অ্যাম্বুলেন্সটি মেহেরপুর ফেরার পথে পিকেটারদের কবলে পড়ে। এ সময় তাঁরা পেট্রল ঢেলে অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ঘটনায় চালক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।