অ্যাম্বুলেন্সে চড়ে এসে পেনশনের কাগজে সই

শরীরের মরণব্যাধি ক্যানসার। বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই। তবু অবসরকালীন ভাতার (পেনশন) কাগজপত্রে সই করতে তাঁকে হিসাবরক্ষণ কার্যালয়ে সশরীরেই আসতে হলো। না, হেঁটে নয়, অ্যাম্বুলেন্সে চড়ে নিজের পেনশন তুলতে গেলেন তিনি। খাগড়াছড়ির দীঘিনালার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নৈশপ্রহরী তাজুল ইসলাম (৬৬) এমন অমানবিক আচরণের শিকার হয়েছেন। ক্যানসার জেনেও তাঁকে দপ্তরে সশরীরে আসতে বাধ্য করেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীরা।
তাজুল ইসলামের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, অসুস্থতাজনিত কারণে ২০১৬ সালের ১ ডিসেম্বর অবসরজনিত ছুটিতে যান তিনি। গত ১৬ মাস ধরে তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। চলতি বছরের ১ ডিসেম্বর তাঁর অবসরজনিত ছুটি শেষ হয়েছে। তাঁর অসুস্থতার বিষয়টি দীঘিনালা হিসাবরক্ষণ কার্যালয়ে জানানো হয়। কিন্তু তারপরও তাঁরা তাজুলকে আসতে বাধ্য করেন।
সকালে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের গিয়ে দেখা যায়, বাইরে অ্যাম্বুলেন্সের ভেতরে শুয়ে আছেন তাজুল ইসলাম। তিনি জানান, পায়ুপথে ক্যানসার হওয়ায় ১৬ মাস তিনি শয্যাশায়ী। উঠে বসতেও পারেন না।
তাজুল ইসলামের মেয়ে রাশেদা আক্তার অভিযোগ করে বলেন, ‘বাবার অসুস্থতার বিষয়টি হিসাবরক্ষণ কার্যালয়ে বারবার জানানো হয়েছে। আমাদের বাড়িতে গিয়ে সই করিয়ে আনার জন্য অনেক অনুরোধ করেছি। কিন্তু তাঁরা কোনো কথা শুনতে চাননি।’
বিষয়টি নিয়ে কথা বলার জন্য হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ আলাউদ্দিন শিকদারকে পাওয়া যায়নি। কার্যালয়ের জুনিয়র অডিটর দিলীপ কুমার চাকমা বলেন, ‘তাজুল ইসলাম যে এত বেশি অসুস্থ তা আমরা জানতাম না।’
ইউএনও মো. শেখ শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি খুবই অমানবিক। এ বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে চিঠি দিয়ে জবাব চাওয়া হবে।’