অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে ফিরতে দুর্ঘটনায় লাশ হলেন দুজন
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হারান মিয়ার (৮০)। তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জে ফিরছিলেন স্বজনেরা। পথে দুর্ঘটনায় বগুড়ার শেরপুরে আজ বুধবার সকালে ট্রাকের ধাক্কায় লাশবাহী অ্যাম্বুলেন্সের চালকসহ দুজন নিহত হয়েছেন। নিহত আরেকজন হারান মিয়ার বড় মেয়ের জামাই।
এ দুর্ঘটনায় আহত আরও দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল ছয়টায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মহিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক রেজানুর রহমান মণ্ডল (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর থানার দক্ষিণ সনতলা গ্রামে। দুর্ঘটনায় আহত গোলাম হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে নয়টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি ওই হারান মিয়ার বড় মেয়ের জামাই।
এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা বলেন, আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার বেলা ১১টায় নিহত ব্যক্তির পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শী দুজনসহ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, বিপরীতমুখী বগুড়াগামী পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পণ্যবাহী ট্রাকটি দ্রুত বগুড়ার দিকে পালিয়ে যায়।
নিহত ব্যক্তি স্বজনদের কয়েকজন জানান, গত মঙ্গলবার রায়গঞ্জের দেবরাজপুর গ্রামের হারান মিয়া বুকের ব্যথা নিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাত তিনটায় তিনি মারা যান। পরে আজ মৃত হারান মিয়ার লাশ নিয়ে তাঁর বড় মেয়ের জামাই গোলাম হোসেনসহ তিনজন ওই অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, পালিয়ে যাওয়া ট্রাকটির সন্ধান আজ বেলা একটা পর্যন্ত পাওয়া যায়নি। ট্রাকটির সন্ধান পেতে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।