অ্যাম্বুলেন্সে শুয়ে পরীক্ষা দিল পপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পপি আক্তার
পপি আক্তার

অসুস্থতার কারণে পরীক্ষার আগের দিন রাতে অস্ত্রোপচার করা হয় পেটে। চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিলেও অস্ত্রোপচারের মাত্র ১৪ ঘণ্টার মাথায় সে অ্যাম্বুলেন্সে শুয়ে দিল এবারের এসএসসি পরীক্ষা।
লেখাপড়ার প্রতি ভীষণ আগ্রহী ওই ছাত্রীর নাম পপি আক্তার। সে মানিকগঞ্জের শিবালয় উপজেলার রামনগর গ্রামের সবজাল উদ্দিনের মেয়ে। উপজেলার বরঙ্গাইল গোপাল চন্দ্র উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবার সে এসএসসি পরীক্ষা দিচ্ছে। গতকাল মঙ্গলবার সময়সূচি অনুযায়ী বাংলাদেশ ও বিশ্বপরিচিতি বিষয়ে উপজেলার মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ কেন্দ্রে অ্যাম্বুলেন্সে শুয়ে পরীক্ষা দেয় সে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন বোনের মধ্যে পপি মেজো। ছোটবেলা থেকেই লেখাপড়ায় খুব মনোযোগী পপি। মেধাবী পপির বিদ্যালয়ে শ্রেণি রোল নম্বর ৬। প্রথম দিন থেকে সে এবারের এসএসসি পরীক্ষায় ঠিকমতোই অংশ নেয়। সোমবার বিকেল চারটার দিকে বাড়িতে হঠাৎ পেটে প্রচণ্ড ব্যথায় ছটফট করতে থাকে পপি। এ সময় তাকে জেলা শহরে (মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়) ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. জিয়াউর রহমান বলেন, স্বাস্থ্য পরীক্ষা করে পপির পেটে অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। রাত আটটার দিকে এই হাসপাতালে পপির অস্ত্রোপচার করেন তিনি। তিনি ওই ছাত্রীকে ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দেন।
পপির বাবা সবজাল উদ্দিন বলেন, চিকিৎসকের পরামর্শের পরও পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কান্নাকাটি করে পপি। বিষয়টি নিয়ে রাতেই চিকিৎসক ও পপির শিক্ষকদের সঙ্গে আলাপ করা হয়। অবশেষে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তাঁদের পরামর্শ ও সহযোগিতায় অ্যাম্বুলেন্স ভাড়া করে পপিকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সময়সূচি অনুযায়ী অ্যাম্বুলেন্সে শুয়ে পরীক্ষা দেয় তাঁর মেয়ে।
পরীক্ষার কেন্দ্রসচিব আইয়ুব আলী বলেন, নিয়ম অনুযায়ী কেন্দ্রের ভেতর অ্যাম্বুলেন্সে শুয়ে চিকিৎসক, পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের উপস্থিতিতে পপির পরীক্ষা নেওয়া হয়।
স্থানীয় মহাদেবপুর উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তাসলিমা আক্তার বলেন, অস্ত্রোপচারের পরের দিন পরীক্ষা দেওয়া ঝুঁকিপূর্ণ। রোগীর মুখে খাবার দেওয়া যাচ্ছে না। শুধু গ্লুকোজ স্যালাইন দিয়ে রোগীকে রাখা হয়। পরীক্ষার সময় ওই রোগীর কোনো সমস্যা হলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রাখা হয়। পরীক্ষা শেষে তাকে আবার জেলা শহরের ওই হাসপাতালে নেওয়া হয়।
ইউনাইটেড হাসপাতালের ৭ নম্বর কেবিনে ভর্তি আছে পপি। গতকাল বিকেলে সে বলে, ‘জীবন থেকে একটি বছর ঝরে যাবে, এই আশঙ্কায় পরীক্ষায় অংশ নিয়েছি।’