অ্যাম্বুলেন্সের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে গড়ে তোলা অ্যাম্বুলেন্সের অবৈধ স্ট্যান্ড গতকাল উচ্ছেদ করে কর্তৃপক্ষ l ছবি: প্রথম আলো
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে গড়ে তোলা অ্যাম্বুলেন্সের অবৈধ স্ট্যান্ড গতকাল উচ্ছেদ করে কর্তৃপক্ষ l ছবি: প্রথম আলো

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্সের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
হাসপাতাল সূত্র জানায়,হাসপাতালের বহির্বিভাগের ভবনের চত্বরের একাংশ বেসরকারিভাবে পরিচালিত অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড হিসেবে ব্যবহৃত হতো। প্রায় ছয় মাস আগে হাসপাতালের প্রশাসন বিভাগ স্ট্যান্ড উচ্ছেদে পাইপ দিয়ে চত্বর সংরক্ষিত করে রাখে। কিন্তু ১৪ ডিসেম্বর রাতে ওই পাইপ ভেঙে অ্যাম্বুলেন্স রাখা শুরু হয়। এ সময় হাসপাতালে কর্তব্যরত পুলিশ ফাঁড়ির সদস্যরাও কোনো বাধা দেননি। গতকাল সকাল ১০টায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুস ছবুর মিঞা কোতোয়ালি থানার একদল পুলিশ নিয়ে উচ্ছেদ অভিযান চালান।
অ্যাম্বুলেন্স ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই হাসপাতালকেন্দ্রিক দুই শতাধিক অ্যাম্বুলেন্স রয়েছে। অ্যাম্বুলেন্সগুলো সাধারণত হাসপাতালের জরুরি বিভাগের সামনে ও রোগীর যাতায়াতস্থলে রাখা হয়।
অভিযান শুরুর আগে সকালে হাসপাতাল চত্বরে গিয়ে দেখা যায়, বহির্বিভাগের নতুন ভবনের পূর্ব দিকের চত্বরের পুরোটা প্রাইভেট অ্যাম্বুলেন্সের দখলে। সারিবদ্ধ করে ৩০টি অ্যাম্বুলেন্স রাখা। এগুলোর কারণে পূর্ব দিক দিয়ে হাসপাতাল চত্বরে চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল প্রশাসন বিভাগের লোকবল নিয়ে পরিচালক অবৈধ স্ট্যান্ড চিহ্নিত করে দিলে পুলিশ অভিযান চালায়।
অভিযান শেষে হাসপাতালের পরিচালক বলেন, একাধিকবার বলার পরও অ্যাম্বুলেন্সচালকেরা চত্বরে অবস্থান ত্যাগ না করায় এই অভিযান চালানো হয়েছে। এখন থেকে হাসপাতাল চত্বর সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।