অ্যাম্বুলেন্সের অভাবে ভোগান্তিতে রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি অকেজো হয়ে পাঁচ মাস ধরে হাসপাতালের গ্যারেজে পড়ে আছে। এ কারণে ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা।
হাসপাতাল সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি নিয়ে চালক মো. মনিরুজ্জামান গত ১৬ এপ্রিল উধাও হয়ে যান। পরে এ ঘটনায় তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানিয়া সুলতানা কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ ১৮ জুলাই ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার একটি গ্যারেজ থেকে ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশবিহীন অবস্থায় অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে। এর পর থেকে সেটি গ্যারেজে পড়ে রয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিএ) জেলা মোটরযান পরিদর্শকের কাছে গাড়িটির প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য লিখিতভাবে আবেদন করে। কিন্তু এখনো তা হয়নি। তা ছাড়া লগবই ও চাবি চালকের কাছে থাকায় এসব জমা দিতে এবং কাজে যোগদানের জন্য তাঁকে লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়। এমনকি থানা-পুলিশও তাঁকে হাজির হওয়ার জন্য লিখিত নির্দেশ দেয়। কিন্তু মনিরুজ্জামান আসেননি।
জানা গেছে, অ্যাম্বুলেন্সে রোগী পরিবহন-সম্পর্কিত ‘মুভমেন্ট রেজিস্টার’ ও রোগীদের কাছ থেকে আদায় হওয়া ভাড়ার (ইউজার ফি) যাবতীয় তথ্য কর্তৃপক্ষের কাছে রাখা এবং ইউজার ফির টাকা প্রতি মাসে ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করার নিয়ম থাকলেও এখানে এর কোনোটিই মানা হয়নি। ফলে ২০১৩-১৪ অর্থবছরে কী পরিমাণ ইউজার ফি চালকের কাছে বকেয়া আছে, তাও কর্তৃপক্ষ জানে না। তবে বকেয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য ইতিমধ্যে চালককে লিখিতভাবে নির্দেশ দিলেও তিনি তা এখনো জমা দেননি। এর পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চালক মনিরুজ্জামানকে ১৮ আগস্ট চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে; যা ১৬ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।
এদিকে হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটি অকেজো হয়ে গ্যারেজে পড়ে থাকায় রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
কেন্দুয়া ডিগ্রি কলেজের শিক্ষক মিঞা মো. শফিকুল ইসলাম জানান, সম্প্রতি তাঁর এক ছোট ভাই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু অ্যাম্বুলেন্স না পেয়ে তাঁকে মুমূর্ষু অবস্থায় মাইক্রোবাসে করে ঝুঁকি নিয়ে ময়মনসিংহে নিতে হয়েছে। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন সেবিকা জানান, জরুরি প্রয়োজনের সময় অ্যাম্বুলেন্স না পেয়ে বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীদের নিয়ে সমস্যা হয় সবচেয়ে বেশি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত চার মাসে (সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত) হাসপাতালে ভর্তি হওয়া ওয়ার্ড থেকেই শুধু দুই শতাধিক নারী ও পুরুষ রোগীকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। তা ছাড়া জরুরি বিভাগ থেকে আরও প্রায় অর্ধশতাধিক রোগীকে অন্যত্র নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ্ আলী আকবর আশরাফী বলেন, স্থানীয় সাংসদসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি নতুন অ্যাম্বুলেন্সের জন্য আবেদন করা হয়েছে।
এ বিষয়ে অ্যাম্বুলেন্সের চালক মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।