নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়ে মো. আকাশ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে হাতিয়া-নলচিরা সড়কের আফাজিয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ উপজেলার পূর্ব গামছাখালী গ্রামের আবুল হাশেমের ছেলে। এ ঘটনায় মামলা না করতে ‘ক্ষতিপূরণ’ হিসেবে ৫৫ হাজার টাকা দেওয়া হয়েছে শিশুটির পরিবারকে।
পুলিশ জানায়, ঘটনার সময় অ্যাম্বুলেন্সের চালকের আসনে ছিল হাসপাতালের সুইপার মো. খোকন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজিম উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অ্যাম্বুলেন্সের চালক ছুটিতে ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদের অনুরোধে একজন রোগীকে লঞ্চঘাটে নেওয়ার জন্য সুইপার খোকনকে অ্যাম্বুলেন্সের চাবি দেওয়া হয়। এরপর পথে দুর্ঘটনা ঘটে।
তবে সুইপারকে অ্যাম্বুলেন্সের চাবি দেওয়ার অনুরোধ করার বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি ট্রাফিক আইন সম্পর্কে জানি। সুতরাং এ ধরনের অনুরোধ করার প্রশ্নই ওঠে না। স্বাস্থ্য কর্মকর্তা আমার নাম জড়িয়ে দিয়ে নিজে বাঁচতে এসব কথা বলছেন।’
এ বিষয়ে জেলা সিভিল সার্জন মো. মজিবুল হক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘অ্যাম্বুলেন্সের চালক ছাড়া অন্য কারও হাতে চাবি দেওয়ার কোনো সুযোগ নেই।’
নিহত আকাশের বাবা আবুল হাশেম এ ঘটনায় কোনো মামলা করেননি। ‘ক্ষতিপূরণ’ হিসেবে তাঁকে ৫৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ নিহত শিশুর পরিবারের সঙ্গে সমঝোতা করেছে। তাই এ নিয়ে থানায় মামলা হয়নি।