অ্যাম্বুলেন্সের মালিক কর্মস্থলে, পুলিশ বলছে খুঁজে পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সের চাপায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় করা মামলার আসামি অ্যাম্বুলেন্সটির মালিক মফিজুল ইসলামকে ৫৫ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঢাকা মেডিকেলের এই কর্মচারী প্রতিদিন অফিস করলেও শাহবাগ থানার পুলিশ বলছে, তাঁকে পাওয়া যাচ্ছে না।
গত ১৫ অক্টোবর ‘মানব সেবা’ নামের ওই অ্যাম্বুলেন্সের চাপায় পাঁচজনের মৃত্যুর ঘটনায় মফিজুলসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। মফিজুল ওরফে মাহফুজুল হাসপাতালের মেডিসিন বিভাগের নিম্নপদস্থ কর্মচারী (এমএলএসএস)।
হাসপাতালের প্রশাসন সূত্র জানায়, মফিজুল গত ১৬ থেকে ৩১ অক্টোবর কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তিনি অসুস্থ ছিলেন উল্লেখ করে মেডিকেল সার্টিফিকেট দিয়ে ১ নভেম্বর কাজে যোগ দেন। ‘হাসপাতালের হাজিরা খাতায় সই দিয়ে চলে যাচ্ছেন’, পত্রিকায় এমন খবর ছাপা হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে কারণ দর্শানো নোটিশ দেয়। কয়েক দিন আগে তিনি কারণ দর্শানো নোটিশের জবাব দেন।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, মফিজুল এখন নিয়মিত অফিস করছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম প্রথম আলোকে বলেন, মাহফুজ ও নাসিরউদ্দিন মানব সেবা অ্যাম্বুলেন্সটির যৌথ মালিক। ওই অ্যাম্বুলেন্সের চালকের সহকারী সোহেল মিয়া গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অভিযান চালিয়ে পুলিশ মফিজুল, নাসির ও চালক সোহাগকে পাচ্ছে না। তবে তাঁদের ধরতে স্থায়ী ঠিকানা উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। আর হাসপাতাল কর্তৃপক্ষ মফিজুলকে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে।
এই তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, হাসপাতাল থেকে তাঁকে জানানো হয়েছে, মফিজুল কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু কয়েক দিন ধরে তিনি হাসপাতালে আসছেন না। তিনি এলে এই তদন্তকারী কর্মকর্তাকে খবর দেওয়ার কথা বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অবশ্য এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
১৫ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকে ওই অ্যাম্বুলেন্সের চাপায় শিশু সাকিব (৭), তার মা গোলেনুর, অন্তঃসত্ত্বা আমেনা বেগমসহ পাঁচজন নিহত হন। আমেনার গর্ভের অনাগত সন্তানও মারা যায়। গুরুতর আহত হয় আমেনার আট বছরের ছেলে সজীব। পটুয়াখালীতে দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়া সাকিবকে নিয়ে স্বজনেরা চিকিৎসা করাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ঢোকার সময় দুর্ঘটনার শিকার হন। ওই সময় অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিলেন চালকের সহকারী সোহেল মিয়া। ঘটনাস্থল থেকে সোহেল ও অ্যাম্বুলেন্সটি আটক করা হয়।