ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বুধবার আনসারদের সঙ্গে বহিরাগত ব্যক্তিদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকালে প্রাইভেট অ্যাম্বুলেন্স ব্যবসায় জড়িত লোকজন হাসপাতালের বার্ন ইউনিটের ফটকে রোগী নিতে অ্যাম্বুলেন্স রাখেন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আনসার কমান্ডার আজহার আলী আহত হন। অ্যাম্বুলেন্স ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা ওই হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির নেতা আবদুল খালেকের আত্মীয়। খালেক বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে দুপুরে আনসারদের দায়িত্বে থাকা ওয়ার্ড মাস্টার আবদুল হাকিম ওই ঘটনায় আনসারদের লিখিত অভিযোগ দিতে বলেন। এতে অ্যাম্বুলেন্স ব্যবসায় জড়িত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা হাসপাতালের বহির্বিভাগে ওয়ার্ড মাস্টার আবদুল হাকিমের ওপর হামলা চালাতে গেলে আনসার সদস্যরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষে আবার সংঘর্ষ বাধে। এতে আনসার সদস্য আশরাফুল, হাফিজুল ইসলাম এবং অ্যাম্বুলেন্সের চালক মনসুর ও মনির আহত হন। পরে হাসপাতালে কর্মচারীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।আনসার কমান্ডার আজাহার আলী অভিযোগ করেন, বহিরাগত ব্যক্তিরা বার্ন ইউনিটে ঢুকে তাঁদের থাকার কক্ষ ভাঙচুর করেছেন। আবদুল খালেক দাবি করেন, ওয়ার্ড মাস্টার হাকিমের উসকানিতে দ্বিতীয় দফা সংঘর্ষ হয়।