অ্যালকোহলের ব্যবহার কমাতে মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালকোহলের (মদ ও সুরা) ক্ষতিকর ব্যবহার কমিয়ে আনতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চল বৈশ্বিক কৌশল বাস্তবায়নের উদ্যোগ নেবে। এ ছাড়া প্রতিটি জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং সনাতন ওষুধের ব্যবহার বাড়াতে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবে এ অঞ্চলের দেশগুলো।
গতকাল শুক্রবার ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের ৬৭তম বৈঠকে ১১টি দেশের প্রতিনিধিরা এসব বিষয়ে একমত হন। বৈঠকের শেষ দিনে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানান ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং ও বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
পুনম বলেন, অঞ্চলটি স্বাস্থ্য খাতের অনেক চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হয়েছে। কিন্তু অসংক্রামক ব্যাধি দেশগুলোর অর্থনীতিকে বিপর্যস্ত করে ফেলতে পারে। অসংক্রামক ব্যাধি প্রতিরোধে দেশগুলোকে প্রস্তুতি নিতে হবে।
আঞ্চলিক কমিটি এ অঞ্চলের দেশগুলোতে বিশেষ করে কিশোর, তরুণ ও নারীদের মধ্যে মদ পানের প্রবণতা এবং বেশিমাত্রায় মদ পানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে। সদস্য দেশগুলোর প্রতিনিধিরা বলেছেন, এ অঞ্চলে মদের বাজার দিনে দিনে বড় হচ্ছে। এ খাতে বিনিয়োগের পরিমাণও বেড়েছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক পরিকল্পনা বাস্তবায়নে সদস্য রাষ্ট্রগুলোর সক্ষমতা বৃদ্ধি ও সহযোগিতায় এবং পরামর্শক কমিটি গঠনে ডব্লিউএইচওর সহযোগিতা চায় দেশগুলো।
সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউনিভার্সাল হেলথ কাভারেজ) নিশ্চিত করতে নিরাপদ সনাতন ওষুধের বিস্তারে ডব্লিউএইচওর ‘সনাতন ঔষুধ কৌশল ২০১৪-২০২৩’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানায় আঞ্চলিক কমিটি। মূলধারার চিকিৎসাসেবায় সনাতন ওষুধকে সম্পৃক্ত করা উচিত বলে মন্তব্য করা হয়।
সদস্য দেশগুলোয় জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেওয়াজ নেই। ‘ডেথ অডিট’ বা মৃত্যুর হিসাব করা হয় না। এ কারণে প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকার ঠিক করা সম্ভব হচ্ছে না। জন্ম-মৃত্যু নিবন্ধন ও অত্যাবশ্যকীয় পরিসংখ্যান সংরক্ষণে দেশগুলো উদ্যোগী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সভার পক্ষ থেকে অনুরোধ করা হয়, ডব্লিউএইচও যেন সদস্য দেশগুলোকে ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধে কৌশল প্রণয়ন ও তা বাস্তবায়নে সহযোগিতা দেয়।
প্রধানমন্ত্রীর প্রশংসা: সংবাদ সম্মেলনে পুনম ক্ষেত্রপাল সিং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটিজম যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা, তা প্রতিষ্ঠিত করতে পেরেছেন। দাতা সংস্থাগুলো এ খাতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। চার দিনব্যাপী বৈঠকের তিন দিন প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকেছেন। ডব্লিউএইচওর ইতিহাসে এমন ঘটনা ঘটেনি।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশকে সনাতন ওষুধের ব্যবহার বাড়ানোয় সহযোগিতা দেবে ভারত। এ ছাড়া প্রযুক্তিগত সহযোগিতার ব্যাপারেও ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, খুব শিগগির বাংলাদেশ মালদ্বীপে ওষুধ রপ্তানি করবে।
৯ সেপ্টেম্বর রাজধানীতে এ বৈঠক শুরু হয়। এতে বাংলাদেশ ছাড়াও এই অঞ্চলের ১০টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন।