জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন গতকাল শুক্রবার এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
গতকাল সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপাচার্য ফারজানা ইসলাম।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, অ্যালামনাই মিলন মেলায় সবাই প্রাণের তাগিদে উপস্থিত হন। অ্যালামনাসদের শুভেচ্ছা জানিয়ে তিনি এ বিশ্ববিদ্যালয়কে বিশ্বে মর্যাদাশীল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন।
এতে আরও বক্তব্য দেন সহ-উপাচার্য আবুল হোসেন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
অনুষ্ঠানের পর একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন শরীফ এনামুল কবির।