ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গতকাল শনিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ‘অ্যালামনাই ফ্লোর’ থেকে শোভাযাত্রাটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ জাতীয় পতাকা, উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রকীবউদ্দীন আহমেদ অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন করেন। এ সময় বেলুন ও পায়রা মুক্ত করা হয়।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ১৯৪৯ সালের ২৪ সেপ্টেম্বর ‘বিশ্ববিদ্যালয় ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন’ নামে প্রথম যাত্রা শুরু করে। পরে ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।