অ্যালামনাই পুনর্মিলনী শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অ্যালামনাই পুনর্মিলনী আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুনর্মিলনীতে অংশ নেবেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে পাস করা প্রায় ১০ হাজার গ্র্যাজুয়েট। এরই মধ্যে অনেক গ্র্যাজুয়েট সপরিবারে ময়মনসিংহে অবস্থান করছেন। আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই উৎসব। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সরকারি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালকেরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান। আমন্ত্রিত অতিথি ও অ্যালামনাইদের বরণ করতে দুই সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বর্ণিল সাজে সাজানো হয়েছে। গতকাল বুধবার শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে ক্যাম্পাস ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে।