অ্যাসবেসটোসিসে আক্রান্ত হচ্ছেন জাহাজভাঙা কারখানার শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৬০)। ১৩ বছর ধরে সীতাকুণ্ডের বিভিন্ন জাহাজভাঙা কারখানায় জাহাজ থেকে যন্ত্রপাতি ও আসবাব খোলার কাজ করছেন তিনি। দুই বছর ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছেন। কিন্তু এত দিন তিনি জানতেন না কেন তাঁর শ্বাসকষ্ট হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, দেলোয়ার শ্বাসতন্ত্রজনিত রোগে (অ্যাসবেসটোসিস) আক্রান্ত। তাঁর ফুসফুসের ৭০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, তাঁর মতো আরও ৩২ জন জাহাজভাঙা শ্রমিক অ্যাসবেসটোসিসে আক্রান্ত।
চিকিৎসকেরা জানান, খনিজ তন্তু অ্যাসবেসটস শরীরে প্রবেশ করলে মানুষ অ্যাসবেসটোসিসে আক্রান্ত হয়।
বেসরকারি সংস্থা বাংলাদেশ অক্যুপেশনাল সেইফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের (ওশি) উদ্যোগে দেলোয়ার হোসেনসহ ১০০ জন জাহাজভাঙা শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ওই পরীক্ষায় দেলোয়ারের অ্যাসবেসটোসিস ধরা পড়ে। ১০ বছরেরও বেশি সময় ধরে জাহাজভাঙা কারখানায় কাজ করছেন ও যাঁরা শ্বাসকষ্টে ভুগছেন কিংবা যাঁরা ধূমপায়ী তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
জাহাজভাঙা শ্রমিকদের নিয়ে কাজ করে ওশি। সংস্থাটি জানায়, গত বছরের ২৪ থেকে ২৯ জুলাই পর্যন্ত ৭৫ জন শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ২৬ জন অ্যাসবেসটোসিসে আক্রান্ত। দ্বিতীয় দফায় আরও ২৫ জন শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ৭ জন অ্যাসবেসটোসিসে আক্রান্ত।
সংস্থাটি জানায়, স্বাস্থ্য পরীক্ষার কাজ করেছে ছয় সদস্যের মেডিকেল বোর্ড। এই বোর্ডের নেতৃত্বে ছিলেন ভারতের চেন্নাই মেডিকেল ইউনিভার্সিটির জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মুরলি ধর। তিনি বলেন, ১০০ জনের মধ্যে ৩৩ জন অ্যাসবেসটোসিসে আক্রান্ত হলেও জাহাজভাঙা শ্রমিকদের শতকরা ৩৩ জন অ্যাসবেসটোসিসে আক্রান্ত বলা যাবে না। অন্তত ৫০০ জন শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষার পর যদি অনুপাত ঠিক থাকে, তখনই কেবল এটা বলা যেতে পারে।
মুরলি ধর জানান, অ্যাসবেসটস খনিজ তন্তু, যার তাপ সহ্য করার ক্ষমতা আছে। অ্যাসবেসটস জাহাজে ব্যবহার করা হয়। এই পদার্থ আগুন ও পানিতে ধ্বংস হয় না। তিনি জানান, শক্ত অ্যাসবেসটস কাটার সময় পাউডার আকারে বাতাসে উড়তে থাকে। পরে শ্রমিকের নিশ্বাসের সঙ্গে সেগুলো ফুসফুসে ঢুকে যায়। এভাবে শ্রমিকেরা অ্যাসবেসটোসিসে আক্রান্ত হন। এই রোগের বাহ্যিক কোনো লক্ষণ নেই। আক্রান্ত শ্রমিকের দীর্ঘদিন পর শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এমনকি ফুসফুসে ক্যানসারও হতে পারে।
অ্যাসবেসটোসিসে আক্রান্ত সীতাকুণ্ডের উত্তর ছলিমপুর গ্রামের বাসিন্দা মো. সেলিম প্রথম আলোকে বলেন, তিনি ২০-২২ বছর ধরে বিভিন্ন জাহাজভাঙা কারখানায় কাজ করছেন। তিনি অ্যাসবেসটস কেটে জাহাজের বিভিন্ন যন্ত্রপাতি খুলতেন। অ্যাসবেসটসের ক্ষতিকর দিক সম্পর্কে তিনি জানতেন না।
ওশির প্রকল্প ব্যবস্থাপক তাহেরুল ইসলাম বলেন, তাঁরা ২০০৬ থেকে জাহাজভাঙা কারখানার শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে ১০০ জন শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা ও অ্যাসবেসটোসিসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে।