অ্যাসিড আক্রান্তদের জেলা সম্মেলন
দিনাজপুরে অ্যাসিড সারভাইভারদের নিয়ে গত মঙ্গলবার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন এবং ইউনিসেফের সহযোগিতায় জেলা অ্যাসিড নিয়ন্ত্রণ কমিটি ও বেসরকারি সংস্থা আরডিআরএস যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘আইন, বিচার, সুশাসন—রুখবে অ্যাসিড নির্যাতন’। এতে সভাপতিত্ব করেন আরডিআরএসের কর্মসূচি ব্যবস্থাপক মঞ্জুশ্রী সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।
সম্মেলনে ফুলবাড়ী উপজেলার অ্যাসিড সারভাইভার মুক্তা রানী বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছোড়া অ্যাসিডে ঝলসে যান তিনি। আসামিদের বিরুদ্ধে মামলা করে আরও বিপদ বেড়েছে। উকিল, আদালতের পিপি, পেশকার পিয়ন থেকে শুরু করে টাকা ছাড়া কেউ কাজ করেনি। যে জমির জন্য বিরোধ, মামলার খরচ জোগাতে সেই জমিসহ সব জমি শেষ।
বোচাগঞ্জ উপজেলার অ্যাসিডে আক্রান্ত রুপজান বেগম বলেন, যৌতুকের টাকা দিতে না পারায় ২০০২ সালে স্বামী তাঁর ওপরে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যান। মামলা করা হলেও অর্থসংকট, অ্যাসিড নিক্ষেপকারীকে নিজের চোখে না দেখায় ও সাক্ষীর অভাবে মামলা চালানো সম্ভব হয়নি।
অ্যাসিডে আক্রান্তরা তাঁদের পুনর্বাসনে এক খণ্ড জমি ও ক্ষুদ্র ব্যবসা করে জীবিকা নির্বাহ করার জন্য সাহায্য ও সহযোগিতা দাবি করেন।
সম্মেলনে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেন, ‘আপনারা একা নন। প্রশাসন পুলিশসহ দেশের প্রতিটি সচেতন মানুষ ও মানবাধিকার সংগঠন আপনাদের সঙ্গে আছে। তিনি সারভাইভারদের পুনর্বাসনের জন্য সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার রুহুল আমিন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচলক আমির আলী, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্টিফেন মুরমু প্রমুখ আলোচনা করেন।
সম্মেলনে দিনাজপুর জেলার ১৩ উপজেলা থেকে ৭৪ জন নারী ও ২৪ জন পুরুষ মোট ৯৮ জন অ্যাসিডে আক্রান্ত ব্যক্তি উপস্থিত ছিলেন।